শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
অষ্ট্রেলিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি উত্তেজনার জের ধরে ফ্রান্সের উত্তেজনা কমানোর চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর সঙ্গে দ্রুত বৈঠকে বসার অনুরোধ জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তিনি আরো বলেন, ফ্রান্সের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যার গুরুত্ব অনেক।
ফরাসী সরকারের মুখপাত্র গেব্রিয়েল আতাল বলেছেন, বাইডেন ম্যাকরোঁর সঙ্গে ফোনে কথা বলার অনুরোধ জানিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে উভয়ের কথা হবে বলে তিনি জানান।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য অষ্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে চুক্তি হয়। এইউকেইউএস নামের এই চুক্তির অধীনে অষ্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করবে ওই দুই দেশ।
কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের সাবমেরিন সংশ্লিষ্ট চুক্তি হয়েছিল। যার আর্থিক মূল্য চার হাজার কোটি মার্কিন ডলার। ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে অষ্ট্রেলিয়ার চুক্তি হওয়ায় ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। এছাড়া দুই দেশের সঙ্গে অষ্ট্রেলিয়ার নতুন এই চুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্রান্সকে বিষয়টি জানানো হয়। এ প্রেক্ষিতে ফ্রান্স অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ করেছে।