শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সম্প্রতি আলোচনায় এসেছে আলিয়া ভাটের একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনে আলিয়া বলছেন কন্যাদান নয়, এই রীতির নাম হওয়া উচিত কন্যামান অর্থাৎ কন্যাকে দান না করে তাকে মান দেওয়া উচিত। বিজ্ঞাপনে তিনি বলেছেন, ‘সবাই বলে কন্যা হলো অন্যের ধন। কিন্তু কন্যা না অন্য কারো, না সে ধন। কন্যা কোনো দানের বস্তু নয়।’ এ বিজ্ঞাপনের জেরেই বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। হিন্দুত্বাবাদীদের দাবি, কন্যাদান অস্বীকার করা মানে হিন্দু সংস্কারের বিরোধিতা করা। আলিয়ার ওপর চটেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌতও।
বিজেপি সমর্থক কঙ্গনা তার ইনস্টাগ্রামে আলিয়া ভাটসহ তার স্টাইলিস্ট এবং ব্র্যান্ডটিকে এক পোস্টে ট্যাগ করে এই বিজ্ঞাপনের প্রতি আপত্তি জানিয়ে বলেন, ‘সব ব্র্যান্ডের কাছে বিনীত অনুরোধ ধর্ম, সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠের রাজনীতি ব্যবহার না করে পণ্য বিক্রি করুন। চালাকি করে বিভাজনমূলক ধারণা এবং বিজ্ঞাপন দিয়ে নিরীহ ভোক্তাদের ঠকানো বন্ধ করুন।’
বিজ্ঞাপনে আলিয়াকে এমন এক কনের চরিত্রে দেখানো হয়েছে যে তার স্বামীর পাশে বিয়ের মণ্ডপে বসে আছে। এখানে আলিয়ার একটি সংলাপ এমন ছিল যে, ‘আমি কি দান করার জিনিস? কেন শুধু কন্যাদান?’
আলিয়ার প্রতি কঙ্গনার ক্ষোভ প্রকাশ এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার আলিয়াকে নিয়ে মিডিয়ায় নানা রকম মন্তব্য করতে দেখা গেছে কঙ্গনাকে। অবশ্য কোনোবারই বিশেষ প্রতিক্রিয়া দেখাননি ঠাণ্ডা মাথার আলিয়া।