শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ফেসবুক ও এর অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে, বিভেদ বাড়াচ্ছে এবং গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটির কাছে দেয়া এক বক্তব্যে জানিয়েছেন ফেসবুকের একজন সাবেক কর্মী। ফ্রান্সেস হাউগেন নামের এই কর্মী ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন। খবর বিবিসির।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সিনেট কমিটির সামনে শুনানিতে ফেসবুকের ব্যাপক সমালোচনা করেছেন ৩৭ বছর বয়সী এই সাবেক কর্মী। শুনানির পর রিপাবলিকান এবং ডেমোক্রেটিক উভয় রাজনৈতিক দলের সিনেটররা একমত হয়েছেন যে, ফেসবুকের পরিবর্তন প্রয়োজন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ফেসবুক জানিয়েছে, মিস হাউগেনের সঙ্গে তারা একমত নয়। তিনি যেসব বিষয় নিয়ে কথা বলছেন সে সম্পর্কে তার কোন ধারণাই নেই।
তবে ইন্টারনেটের জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন তৈরির সময় এসেছে প্রসঙ্গে একমত পোষণ করেছে ফেসবুক। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ”ইন্টারনেটের বিধিবিধান সর্বশেষ ঠিক করা হয়েছে ২৫ বছর আগে। যে কাজটা আইন প্রণেতাদের করার কথা, সেই সমাজের জন্য উপযুক্ত সিদ্ধান্ত এই শিল্পের কাছে আশা না করে বরং এখনি কংগ্রেসের ব্যবস্থা নেয়ার সঠিক সময়।”
ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী মাসে তাদের দুইশ সত্তর কোটি নিয়মিত ব্যবহারকারী রয়েছে। লাখ লাখ মানুষ এই ফেসবুকের অঙ্গপ্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মতো অ্যাপ্লিকেশনও ব্যবহার করে।
তবে গ্রাহকদের গোপনীয়তা রক্ষায় ব্যর্থতা থেকে শুরু করে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে যথেষ্ট ব্যবস্থা না নেয়ার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে।