শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০

পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২শ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উত্তর পশ্চিম বেলুচিস্তানের হারনাই এলাকায় এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিকাল সার্ভে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে উত্তরে ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আঘাতের পরপরই উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছেন বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে হওয়া এই ভূমিকম্পে আহতের সংখ্যাও তিনশ ছাড়িয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে হারনাই অঞ্চল। এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার বাড়িঘর। কোয়েটা, সিব্বি, পিশিন, মুসলিম বাগ, জিয়ারাত, কিলা আবদু্ল্লাহ, সানজাবি, জোভ ও চমন শহরেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে শতাধিক মাটির ঘর ধসে পড়েছে, অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন হারনাইয়ের ডেপুটি কমিশনার সোহাইল আনোয়ার।

উদ্ধারকর্মীরা জানান, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহতদের অনেককে রাস্তার ওপর স্ট্রেচারেই চিকিৎসা দিতে হয়েছে, এসময় চিকিৎসকদেরকে টর্চের বদলে মোবাইল ফোনের আলো ব্যবহার করতে হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com