শুক্রবার, ০৩ Jul ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শাকিব লুঙ্গি খুব একটা পরেন না। এর আগে সিনেমাতেই পরেছিলেন। নিজের প্রয়োজনে পরতে হয়নি। সম্প্রতি গলুই ছবিতে শাকিবকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেল। আর ঢাকাই ছবির শীর্ষ নায়কের এমন সাজপোশাকে মুগ্ধ হয়েছেন সহ-অভিনেত্রী পূজা চেরিও।
তাই শাকিবকে সরাসরি বলতেও দ্বিধা করেননি পূজা। লুঙ্গি পরিহিত শাকিবের সামনে দাঁড়িয়ে বললেন, ‘ইউ আর লুকিং ভেরি গুড…’- শাকিব পূজার এই মন্তব্যকে অবিশ্বাস্য ভাব নিয়ে জিজ্ঞেস করেন, ‘রিয়েলি?’ পূজা খুব স্বাভাবিকভাবেই পুনরোত্তর করেন ‘রিয়েলি।’
জামালপুরে যমুনার সামনে শুটিংয়ের এক ফাঁকে কিছু গণমাধ্যমকর্মী পূজা ও শাকিবের সঙ্গে কথা বলেন, আর এই কথোপকথন হয় কিন্তু গণমাধ্যমকর্মীদের সামনেই।
লুঙ্গি সম্পর্কে শাকিব বলেন, আমার তেমন লুঙ্গি পরা হয় না। একেবারে রেয়ার। এর আগে একটি সিনেমায়ই পরেছিলাম। এ ছাড়া এর মধ্যে পরা হয়নি। তবে একেবারে যে পরি না তা নয়, হয়তো ছয় মাস, এক বছর পর কারণবশত লুঙ্গি পরা হয়। এ ছাড়া কেউ যদি গিফট করে তখন দেখা যায় সেটি পরি।
পূজা চেরি বলেন , ‘এই লুকে শাকিব ভাইয়ার ওপরে সবাই ক্রাশ খাচ্ছে। এখন দেখা যাক সিনেমা মুক্তির পরে কী হয়।’
গলুই সিনেমায় শাকিব অভিনয় করছেন লালু চরিত্রে। লালু হলো গ্রামের এক সহজ-সরল যুবক। তার বিপরীতে মালা চরিত্রে আছেন পূজা চেরি। এ ছাড়া আরো অভিনয় করছেন আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবুর মতো নন্দিত অভিনয়শিল্পীরা।
বর্তমানে ‘গলুই’ সিনেমার শুটিং চলছে জামালপুরে। সেখানকার মাদারগঞ্জ উপজেলার জামথল সরঘাট এলাকায় হচ্ছে চিত্রায়ণ। শাকিবের শুটিংয়ের খবর শুনে ওই এলাকায় জনস্রোত নেমেছে। যার কারণে শুটিং করতেও বেশ বেগ পেতে হচ্ছে তাদের।
নিজের নতুন ছবি ও চরিত্র প্রসঙ্গে শাকিব বলেন, ‘অন্য রকম প্রেমের ছবি গলুই। গল্পটি শোনার পর কোনো কিছু না ভেবেই রাজি হয়েছি। দর্শকরা নতুনত্ব চায়। আমিও বরাবরই চেষ্টা করি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার। এবার লালু মাঝি হয়ে আসছি। আশা করছি, এই ছবিটিতে বিশেষ একটি কাজ হবে। আশা করছি, দর্শক হতাশ হবে না।’