বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিন বিষয়ে আবারও রায় শুনিয়েছে কোর্ট। ছেলের জামিনের জন্য মরিয়া হয়ে উঠেছেন বলিউডের কিং খান। প্রায় সমগ্র বলিউড শাহরুখের এই বিপদের সময় তার পাশে দাঁড়িয়েছে। গতকাল শাহরুখের বাড়িতে আবারও গিয়েছিলেন বন্ধু সুপারস্টার সালমান খান। সঙ্গে ছিলেন তার বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান। নির্মাতা করণ জোহর, ফারাহ খানও এদিন শাহরুখের বাড়িতে যান। আরিয়ানের জামিনের জন্য দেশের নামকরা আইনি পরামর্শকদের কাছ থেকে শলাপরামর্শ নিচ্ছেন শাহরুখ। জেল সুপারের কাছ থেকে আরিয়ানের ব্যাপারে নিয়মিত খোঁজ নিচ্ছেন শাহরুখ আর গৌরী। আগের দুবারের জামিন আবেদন নাকচ হওয়ার অভিজ্ঞতায় শাহরুখ ছেলে আরিয়ানের জন্য আইনজীবী বদলেছেন। এতদিন শাহরুখপুত্রের জন্য মামলা লড়ছিলেন মুম্বাইয়ের দুঁদে আইনজীবী সতীশ মানশিন্ডে। এখন তার পরিবর্তে নামকরা আইনজীবী অমিত দেশাইকে নিয়োগ করেছেন কিং খান। তিনি সালমান খানের ‘গাড়িচাপা’ মামলাটি লড়েছিলেন। ২০০২ সালে ভাইজান এই মামলা থেকে মুক্তি পেয়েছিলেন। অমিত দেশাই আরিয়ানের জামিন প্রসঙ্গে বলেছেন, ‘আরিয়ান সাত দিন ধরে কারাবন্দি। আর তার জামিনের শুনানি তদন্তের আলামতের ওপর নির্ভর নয়। আমি জামিনের জন্য কোনো যুক্তিতর্কে যেতে চাই না। আমি শুধু জামিনের দিন জানানোর জন্য আদালতের কাছে আবেদন করব।’ তিনি আরও বলেছেন, ‘শুধু প্রশাসনিক কারণে কারোর স্বাধীনতা খর্ব করতে পারি না। তদন্ত চলতে থাকবে। আরিয়ানের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।’
পূজামন্ডপে কাঁদলেন কাজল
সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডের বিখ্যাত অভিনেত্রী কাজলের একটি ভিডিও ভাইরাল। পূজামন্ডপে দুই প্রবীণকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছেন এই তারকা। তবে এ কান্না আনন্দের। বিশেষ দিনে প্রিয়জনকে কাছে পাওয়ার, বহুদিন পর কাছের মানুষের সঙ্গে দেখা হওয়ার আনন্দাশ্রু। প্রতিবার উত্তর মুম্বাইয়ের হীরাবতী ব্যাঙ্কোয়েট হলে পূজার আয়োজন করেন মুখার্জিরা। মহাধুমধাম করে হয় এ বাড়ির দুর্গাপূজা। প্রতি বছর সেখানে ভিড় করেন নামিদামি বলিউড তারকারা। আসে অগণিত সাধারণ মানুষ। আসবে নাই বা কেন? এই বাড়ির কাজল, রানী মুখার্জি, তনুজা, তানিশা- সবাই যে জনপ্রিয় অভিনেত্রী। যত কাজই থাকুক, প্রতি বছর কাজল ও রানী দুই বোন চলে আসেন বাড়ির পূজায়। গত মঙ্গলবার যেমন কাজলকে পাওয়া গেল। শারদীয় সাজে ঝলমল করছিলেন এই নায়িকা। পরনে গোলাপি শাড়ি, কপালে টিপ, খোঁপা করা চুল, গহনায় একেবারে বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। মুখার্জিবাড়ির পূজার অনেক কাজই নিজ হাতে করেছেন কাজল। রানী মুখার্জিও উৎসবে শামিল হয়েছেন। রানীকেও হালকা গোলাপি শাড়িতে দেখা গেছে। কাজল এমনিতেই সব সময় হাসিখুশি। পূজার সময় যেন আরও বেশি, সবার সঙ্গে গল্প করছেন। এরই মধ্যেই দুই প্রবীণকে দেখে হঠাৎ কেঁদে ফেলেন তিনি।
র্যাপার টাইগা গ্রেপ্তার
গৃহ-সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে র্যাপার টাইগাকে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার ঘটা এক ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে ৩১ বছর বয়সী এই র্যাপারকে। তবে মুচলেকা ও ৫০ হাজার ডলার জরিমানা দিয়ে এ যাত্রায় রেহাই পেয়েছেন টাইগা। টাইগার সাবেক প্রেমিকা ২২ বছর বয়সী ফ্যাশন ডিজাইনার ক্যামারিন শোয়ানসন অভিযোগ তুলেছেন র্যাপারের বিরুদ্ধে। ক্যামারিন চোখে আঘাত পাওয়া একটি ছবি শেয়ার করে গৃহ-সহিংসতার শিকার হওয়ার কথা জানান। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি আবেগের দিক দিয়ে, মানসিকভাবে এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার এবং আমি তা লুকাচ্ছি না।’ টাইগার মুখপাত্রকে এ ব্যাপারে মতামত দেওয়ার জন্য ই-মেইল পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। জনপ্রিয় র্যাপার টাইগা এর আগে কাইলি জেনার ও ব্ল্যাক চায়নার সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন।