বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
করোনাকালে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈমের একটি ফটোশ্যুট দেখে দর্শক চমকে যান। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে একেবারে ফিটফাট হয়ে ক্যামেরার সামনে ধরা পড়েন তিনি। কী কারণে এমন আকর্ষণীয় ফিগারে ফেরা সেটা তখন জানা যায়নি। গতকাল তিনি জানালেন, অসংখ্য সাড়া জাগানো নাটকের নির্মাতা অরুণ চৌধুরীর সরকারি অনুদানের সিনেমা ‘জলে জ্বলে তারা’য় অভিনয় করছেন তিনি। ছবির গল্প ও চরিত্র নাকি তার দারুণ পছন্দ হয়েছে। এজন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে তৈরিও করেছেন তিনি। তাহলে কি এই সিনেমার জন্যই জিমে ঘাম ঝরিয়েছেন নাঈম। তিনি বলেন, ‘এখনই কিচ্ছু বলব না। টিজার এলে দর্শক এমনিতেই বুঝবেন কী ধরনের প্রস্তুতি নিয়েছি।’
চমক এখানেই শেষ নয়। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন এ সময়ে বাংলাদেশ ও কলকাতার আলোচিত তারকা রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি কলকাতার ‘নীতিশাস্ত্র’ ও ‘মায়া’ সিনেমা দুটির কাজ শেষ করে ‘জলে জ্বলে তারা’র কাজ করতেই দেশে ফিরেছেন জনপ্রিয় এই তারকা। আগামীকাল থেকেই তারা মানিকগঞ্জে ছবিটির শ্যুটিংয়ে অংশ নেবেন। ছবিটি করার ব্যাপারে কোন বিষয়টি সবচেয়ে আগ্রহ তৈরি করেছে জানতে চাইলে মিষ্টি মুখের মিথিলা বলেন, “এই ছবিতে কাজের ক্ষেত্রে আমার নির্দিষ্ট কারণ রয়েছে। ছবিটি সৈয়দ ওয়ালিউল্লাহর কেরায়া গল্পটি থেকে অনুপ্রাণিত। তবে ছবির গল্প একেবারেই আলাদা। বাংলাদেশ নদীমাতৃক দেশ। আর এই ছবিতে নদী আর নারীর এক অন্যরকম গল্প দেখা যাবে। তবে সেই গল্পের সঙ্গে সবাই পরিচিত। আমার চরিত্রের নাম তারা। দেশের অগণিত নিষ্পেষিত নারীর প্রতীক এই নারী। এটি মূলত তারা মেয়েটির গল্প, এজন্যই ছবির নাম ‘জলে জ্বলে তারা’।’’
মিথিলা আরও বলেন, ‘এটি অরুণ চৌধুরীর বেস্ট কাজ হতে যাচ্ছে। গল্পটাই অসাধারণ। এর আগে আমি শুধু শহুরে চরিত্রই করেছি। এবারই প্রথম গ্রামীণ পোড় খাওয়া একজন নারীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। সেইসঙ্গে সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন রায়হান খান। ছবির প্রথম লটের কাজ শেষ হয়েছে। সেখানে আমার ছোটবেলার অংশটি শ্যুট হয়েছে। আর নাঈম আমার বহু পুরনো বন্ধু। আমি আর সে এসএসসি, এইচএসসি একই ব্যাচের শিক্ষার্র্থী। তবে একসঙ্গে খুব একটা কাজ করা হয়নি। তবে একটা ভালো কাজের মাধ্যমে এক হচ্ছি, এটাই ভালো ব্যাপার।’