বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

নভেম্বরে মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম বলিউড সিনেমা

জনপ্রিয় মডেল ও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলার প্রথম বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ নভেম্বর।

তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ডিজিটাল প্লাটফর্মে। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন মিথিলা। তিনি বলেন, ১৫ নভেম্বর অ্যাপল টিভিতে (আইটিউনস) সিনেমাটি মুক্তি পাবে।

নির্মাতা হায়দার খানের পরিচালিত সিনেমা ‘রোহিঙ্গা’। তিনি মূলত ফটোগ্রাফি করেন। সেই সূত্রে মিথিলার সঙ্গে পরিচয়।

এর আগে হায়দার খান বলিউডের ব্লকবাস্টার ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

মিথিলা সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র হুসনে আরার ভূমিকায় অভিনয় করেন। ২০১৯ সালে ডিসেম্বরে ভারতের আসামে ‘রোহিঙ্গা’র শুটিং হয়েছে। সিনেমায় রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে কথা বলতে হয়েছে মিথিলাকে।

তিনি জানান, চূড়ান্ত হওয়ার পর ভারতে গিয়ে ক্লাস করিয়ে তাকে রোহিঙ্গা ভাষা শেখানো হয়েছে। স্ক্রিপ্ট নিয়ে স্টাডি করতে হয়েছে। মিথিলা বলেন, হিন্দিতে আমি আগে থেকে কথা বলতে পারি। এছাড়া শুটিংয়ে একজন ট্রান্সলেটর রাখা হয়েছিল।

‘রোহিঙ্গা’ সিনেমায় মিথিলার নায়ক ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। যিনি সালমান খানের ‘রাঁধে’ সিনেমার প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। আর সিনেমার নাম ‘রোহিঙ্গা’ হলেও রোহিঙ্গা ইস্যু সিনেমাটির উপজীব্য নয় বলে জানিয়েছেন মিথিলা।

তিনি বলেন, এতে কোনো পলিটিক্সও নেই। মূলত একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে। সিনেমাটির প্রচারে পরিচালক হায়দার খান ও স্যাঙ্গে বাংলাদেশে আসতে পারেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com