শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, উইন্ডিজসহ বিশ্ব ক্রিকেটের সব পরাশক্তি বাংলাদেশের গ্রুপে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এ গ্রুপে সন্দেহ নাই। তারপরও স্পিন যখন রিয়াদদের মূলশক্তি, তখন আশায় ঘর বাঁধাই যায়।
অন্যদিকে, তুলনামূলক কম প্রতিযোগিতা হওয়ার কথা দুই নম্বর গ্রুপে। কাগজে কলমে দুই বিশ্বচ্যাম্পিয়ন ভারত-পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারে কেবল নিউজিল্যান্ড। আফগানিস্তান, স্কটল্যান্ড, নামিবিয়া সেমির লড়াইয়ে শামিল হলে তা হবে আশ্চর্যের বিষয়।
প্রথমদিনই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড মুখোমুখি।
অনন্য এক অর্জনের লক্ষ্যে ইংলিশদের পথচলা শুরু হবে। ট্রফি জিততে পারলে ইতিহাসে একমাত্র দল হিসেবে, একই সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। স্টোকস, আর্চার, স্যাম কারেন না থাকায় পূর্ণ শক্তির দল পাচ্ছে না থ্রি লায়ন্স। তারপরও খেলার অ্যাপ্রোচের কারণে তাদের পিছিয়ে রাখার জো নেই। বাটলার, বেয়ারস্টো, টাইমাল মিলসদের পার্থক্য গড়ে দেবার সামর্থ্য আছে।
অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইন্ডিজ, শিরোপা ধরে রাখার মিশনে নামবে। যেখানে তাদের তুরুপের তাস রাসেল, পোলার্ড, গেইল, ব্রাভোর মতো অভিজ্ঞ হার্ড হিটাররা। তরুণদের মধ্যে হেটমেয়ার, পুরান, হেইডেন ওয়ালস আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক ফর্ম, প্রস্ততি ম্যাচে পাকিস্তান, আফগানিস্তানের কাছে হার ক্যারিবীয়দের চিন্তার কারণ।
দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নেবে সাউথ আফ্রিকা। এ দুই বড় দল এখনো জিততে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
স্মিথ-ওয়ার্নারের অফফর্ম অজিদের ভাবাচ্ছে। তবে ছন্দে আছে ম্যাক্সওয়েল। অভিজ্ঞ স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডকে নিয়ে সমৃদ্ধ পেস অ্যাটাক অস্ট্রেলিয়ার।
অন্যদিকে তারুণ্য নির্ভর দল সাউথ আফ্রিকার। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান, আফগানিস্তানের বিপক্ষে জয় প্রোটিয়াদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। কিছুটা অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপে ডি-কক, মিলার, ডুসেন ওদের বড় ভরসা। রাবাদা, নকিয়া, শামসিকে নিয়ে বিধ্বংসী বোলিং অ্যাটাক সাউথ আফ্রিকার।