বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
৩ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর ট্রেলার প্রকাশ হয়েছে গত রবিবার রাতে। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা ট্রেলারটি ইউটিউবে প্রকাশের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেলারটি নেটিজনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘মিশন এক্সট্রিম’র ট্রেলার দেখে অনেকে গল্প নিয়ে নানা অনুমান করে পোস্ট দিচ্ছেন সামাজিক মাধ্যমে। চলছে চুলচেরা বিশ্লেষণ। ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের যৌথ পরিচালনায় দুই কিস্তিতে নির্মিত ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্বের ট্রেলার উন্মোচন উপলক্ষে রবিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালকদ্বয়, অভিনেতা আরিফিন শুভ, তারিক আনাম খান, সুমিত সেনগুপ্ত, সুদীপ বিশ্বাস দীপ, মাজনুন মিজান, অভিনেতী জান্নাতুল ফেরদৌস ঐশী, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানসহ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘সিনেমার গল্পে আমার পেশাগত বাস্তব জীবনে দেখা কিছু জটিল পরিস্থিতি তুলে ধরেছি। ট্রেলারে তার কিছুটা ইঙ্গিত দিয়েছি। ছবির প্রথম কিস্তিতে থ্রিল, অ্যাকশন আর সাসপেন্সের পরিমাণ একটু বেশি থাকবে।’ আরিফিন শুভ বলেন, স্বপ্নের বাইরে গিয়ে আমাকে কাজ করতে হয়েছে। যেটা আপনারা আমার ট্রান্সফরমেশন ভিডিওতেও দেখেছেন। আমি বিশ্বাস করি আগামী ৩ ডিসেম্বর সবাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, রাশেদ মামুন অপু প্রমুখ। ‘মিশন এক্সট্রিম’ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই।