বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
চিত্রনায়িকা মৌসুমী আমেরিকার রাজপথে, দামি এক গাড়িতে। চলতি পথেই গাড়ির পেছনের সিটে বসে নতুন ঘোষণা দেন তিনি। এই ঘোষণা এমএলএম কম্পানিতে যোগদানের। গাড়িতে তাঁর পাশে যে মানুষটি ছিলেন তিনি দুদকেরসহ একাধিক মামলার আসামি মাসুদ রানা। কয়েক বছর আগে গণমাধ্যমে রানার এমএলএম প্রতারণার খবর বের হলে তিনি আমেরিকা পালিয়ে যান। এখন সেখানে বসে তিনি নতুনভাবে শুরু করেছেন এমএলএম ব্যবসা। ঢাকাই সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন।
মৌসুমীর সঙ্গে এই তালিকায় আছেন তাঁর স্বামী অভিনেতা ওমর সানী ও খলনায়ক মিশা সওদাগর। তাঁরাও মার্কিন এমএলএম কম্পানি জেনাস গ্লোবালের পণ্য বিক্রি করে বিপুল আয়ের প্রলোভন দেখাচ্ছেন।
মালটিলেভেল মার্কেটিং (এমএলএম) বহুস্তরবিশিষ্ট বিপণন পদ্ধতিতে নিজস্ব কিছু ‘স্বাস্থ্যবিষয়ক পণ্য’ বিক্রি করে জেনাস। এটি আমেরিকা থেকে পরিচালিত হয়। গত দুই বছরে বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে জেনাস ওয়ার্ল্ডের কর্মকাণ্ড। বাংলাদেশে এদের কোনো অনুমোদন নেই। এর পরও জেনাস এ দেশে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে শুধু মাসুদ রানার দলেই ৬০ হাজার পরিবেশক আছেন বলে তিনি একটি অনলাইন সভায় দাবি করেছেন। জেনাস কিছু প্রসাধন সামগ্রীর পাশাপাশি ওষুধের মতো কাজ করে এমন পণ্য উৎপাদন ও বিক্রি করে।