শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সুদানে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে সামরিক ও নিরাপত্তা বাহিনীর আক্রমণে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে।
শনিবার রাজধানী খার্তুমের পশ্চিমে নীলনদের অপর তীরে উম্ম দুরমান শহরে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় তিন বিক্ষোভকারী নিহত হন।
সুদানের সেন্ট্রাল কমিটি ফর সুদানিজ ডক্টরস জানিয়েছে, গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ওই তিন ব্যক্তি নিহত হন।
গত ২৫ অক্টোবর সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ও তার মন্ত্রিসভাবে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন সুদানিরা। শনিবার তারা চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘১০ লাখের বিক্ষোভের’ ডাক দেয়।
তবে বিক্ষোভে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে সুদানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে বিক্ষোভকারীরা বলছে, সামরিক ও নিরাপত্তা বাহিনীর আক্রমণে তিন ব্যক্তি নিহত হওয়া ছাড়াও আরো শতাধিক লোক আহত হয়েছেন।
এদিকে রাজধানী খার্তুমে কয়েক লাখ বিক্ষোভকারী বিভিন্ন ব্যানার ও সুদানি পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এই সময় তারা ‘সামরিক শাসন মানি না’ ও ‘এই দেশ আমাদের ও আমাদের সরকার বেসামরিক’ স্লোগান দেয়।