শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে আগুয়েরো

লা লিগার ম্যাচে শনিবার প্রথমার্ধের শেষ দিকে সার্জিও আগুয়েরো ইশারা দিয়ে জানান, তিনি মাঠ ছাড়তে চান। বুকে হাত দিয়ে মাঠে কিছুক্ষণ শুয়ে থাকতে দেখা যায় তাকে। মেডিকেল স্টাফরা তখন ছুটে যান। এরপর আগুয়েরো নিজেই উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে মাঠ ছেড়ে যান।

বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে আগুয়েরোকে। সেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শারীরিক পরীক্ষা করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে তার ক্লাব বার্সেলোনা।

ম্যাচের পর বার্সেলোনার ভারপ্রাপ্ত কোচ সের্হি বারজুয়ান বলেন, “আমাকে বলা হয়েছে, ওর একটু মাথা ঘোরাচ্ছিল। মাত্রই জানতে পেরেছি, ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু এখন বলতে পারব না।”

পরে বার্সেলোনা বিবৃতি দিয়ে নিশ্চিত করে তাকে হাসপাতালে নেওয়ার খবর, “প্রথমার্ধের বেশির ভাগ সময় সের্হিও আগুয়েরো বুকের ব্যথায় ভুগছিল এবং তার জায়গায় ফিলিপে কৌতিনিয়োকে নামানো হয়। পরে কার্ডিয়াক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।”

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com