বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
আসিয়ান সম্মেলনে মিয়ানমারের সামরিক জান্তাকে আমন্ত্রণ না জানানোর অবস্থানকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি অভ্যুত্থানের পর যেসব মানুষকে আটক করে জেলে রাখা হয়েছে, তাদের মুক্তি দিতে সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের এক ফাঁকে এই দুই নেতার মধ্যে সাক্ষাত হয়। এ সময় তারা মিয়ানমারে সব রকম সহিংসতা বন্ধের আহ্বান জানান। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
হোয়াইট হাউজের মতে, তারা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে উদ্বেগ প্রকাশ করেছেন। সামরিক জান্তা সহিংসতা বন্ধ করবে, সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেবে এবং দ্রুত গণতন্ত্রে ফিরে যাবে বলে তারা একমত পোষণ করেন। গত মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের বার্ষিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি মিয়ানমারের সামরিক জান্তাকে।