বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
এক যুগ পর নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইডেটে ফিরে এসেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু ভক্তরা যতটা আশা করেছিলেন, এই পুনর্মিলনের স্থায়িত্ব ততটা নাও হতে পারে!
সম্প্রতি ইউনাইটেডের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। মাঠের বাজে পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে শিরোপার রেসে বেশ পিছিয়ে তারা।
১১তম রাউন্ড শেষে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। অর্থাৎ ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে যেতে পারে ওলে গুনার সুলশারের দল। যা রোনালদোকে অন্য কিছু ভাবতেও প্রভাবিত করতে পারে।
দ্য এক্সপ্রেসের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, ইউনাইটেডের ভাগ্য না বদলালে আসছে গ্রীষ্মে রোনালদো দল ছাড়তে পারেন।
কারণ পর্তুগিজ তারকা ইউনাইটেডে এসেই জানিয়ে দিয়েছিলেন তিনি এখানে জিততে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারেও রোনালদো পরিষ্কার করেই বলেছেন, ক্যারিয়ারের বাকি সময়গুলো নির্বিঘ্নে কাটাতে ইউনাইটেডে আসেননি তিনি।
স্কাই স্পোর্টসকে রোনালদো বলেছিলেন, ‘আমি সেই মুহূর্তে যা অনুভব করেছি তাই বললাম, আমি এখানে জিততে এসেছি। ম্যানচেস্টার ইউনাইটেড মানেই জয়ের চিহ্ন। আমি এখানে অবকাশের জন্য আসিনি।’
রোনালদো আরো বলেন, ‘আমি তাদের বলেছি, এই দলে আমি ভীষণ সম্ভাবনা দেখছি। এই দলে অনেক তরুণ রয়েছে, তরুণদের সম্ভাবনা রয়েছে। আমি এখানে জিততে এবং দলকে নতুন জিনিস তৈরিতে সাহায্য করা জন্য এসেছি।’
কিন্তু ইউনাইটেড যে সেই পথে নেই!