বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ সীমান্তে বিএসএফের হত্যা বন্ধের দাবি কলকাতার ১৮টি সংগঠনের

কলকাতার ১৮টি সংগঠন বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হত্যালীলা বন্ধের দাবি জানিয়েছে। সোমবার (১৫ নভেম্বর) কলকাতা প্রেসক্লাবে মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবেক প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত, প্রখ্যাত অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন, নাট্য পরিচালক সোহাগ সেন, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিআইএমএল নেতা কার্তিক পাল প্রমুখ।

বিএসএফের নজরদারি সীমান্ত এলাকায় ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তে যেসব মানুষকে বিএসএফ হত্যা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিএসএফের কাজ সীমান্ত পাহারা দেওয়া। সীমান্তের ভেতরে ঢুকে নিরীহ সীমান্তবাসীকে হত্যা করা নয়। বিএসএফ যদি সীমান্তের হত্যালীলা বন্ধ না করে, তাহলে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মাসুম’র সম্পাদক কিরীটী রায় বলেন, ‘আমাদের সীমান্ত এলাকায় গরিব মুসলিম এবং দলিত শ্রেণির মানুষের বাস বেশি। আর বিএসএফের শিকার হচ্ছে সেই গরিব সম্প্রদায়ের মানুষ।’

অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন বলেন, মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com