নগরকণ্ঠ ডেস্ক
- মঙ্গলবার ১৬ নভেম্বর, ২০২১ /
রাশিয়ার একটি উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) নভোচারিদের বিপদগ্রস্ত করেছে বলে অভিযোগ জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
ওই পরীক্ষায় রাশিয়া নিজেদের একটি উপগ্রহ উড়িয়ে দেয়, এতে সৃষ্ট ধ্বংসাবশেষের কারণে আইএসএসের নভোচারিদের ক্যাপসুলে গিয়ে আশ্রয় নিতে হয়।
রাশিয়ার এ পরীক্ষাকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানশূন্য’ মন্তব্য করে এর নিন্দা করেছে ওয়াশিংটন। খবর বিবিসির
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ওই পরীক্ষায় উৎপন্ন ধ্বংসাবশেষ পৃথিবীর নিম্ন-কক্ষপথে একটি আবর্জনার ক্ষেত্র তৈরি করেছে আর তা আইএসএসকে বিপদগ্রস্ত করেছে এবং বছরের পর বছর ধরে মহাকাশ তৎপরতার ক্ষেত্রে বিপত্তি হিসেবে বিরাজ করবে।
বর্তমানে মহাকাশ ওই স্টেশনটিতে সাত জন নভোচারি আছেন। তাদের চার জন যুক্তরাষ্ট্রের, দুই জন রাশিয়ার ও একজন জার্মানির।
নাসা জানিয়েছে, পরীক্ষার পরপরই পূবসতর্কতা হিসেবে নভোচারিদের মহাকাশ স্টেশনটিতে ভিড়িয়ে রাখা মহাকাশ যানের ক্যাপসুলগুলোতে দুই ঘণ্টার জন্য আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রায় ৪২০ কিলোমিটার ওপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করা এই গবেষণাগারটিকে প্রতি ৯০ মিনিটে একবার করে ওই আবর্জনার ক্ষেত্রের ভেতর দিয়ে অথবা কাছ দিয়ে যেতে হচ্ছে। তবে তৃতীয়বার ওই ক্ষেত্র পার হওয়ার পর নভোচারিদের স্টেশনের ভেতরে ফেরা নিরাপদ হবে বলে নির্ধারণ করেছেন নাসার বিশেষজ্ঞরা।
এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘আজকে রুশ ফেডারেশন বেপরোয়াভাবে একটি উপগ্রহ ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। তারা নিজেদের একটি উপগ্রহের বিরুদ্ধে উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এ পরীক্ষায় কক্ষপথে ১৫০০ টুকরা অনুসরণেযোগ্য ধ্বংসাবশেষ এবং লাখো ক্ষুদ্র অবর্জনা উৎপন্ন হয়েছে, এগুলো এখন সব দেশের স্বার্থকেই হুমকির মুখে ফেলেছে।’