বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

এক বছর ধরে বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে আন্দোলন করছেন ভারতের কৃষকেরা। গরম, বৃষ্টি, শীত বা এমনকি করোনা মহামারির মাঝে আন্দোলন থেকে হটেননি তারা। তার রেশ ধরে শেষ পর্যন্ত তিন কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ সময় মোদি আক্ষেপ করে বলেন, ‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’

আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবার ফসলের মাঠে ফিরতেও আবেদন জানান তিনি। বলেন, ‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।’

পাশাপাশি এও তার মন্তব্য, ‘এখন কাউকে দোষারোপের সময় নয়।’

এ দিকে শিখ ধর্মের গুরু নানকের জন্মদিবসে মোদির এই ঘোষণা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকদের একাংশ। কারণ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকণ্ঠে অবস্থানকারী কৃষকদের বড় অংশই পাঞ্জাব ও পশ্চিম উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের মাঝে শিখ ও জাঠ জনগোষ্ঠীর সংখ্যা অনেক। আগামী বছরের শুরুতেই দুই রাজ্যে বিধানসভা ভোট।

গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। বিশেষত, পাঞ্জাবে সেই বিক্ষোভের আগুন তীব্র হতে থাকে। সড়ক-রেল অবরোধ ও আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলো।

তাদের অভিযোগ, নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়বেন কৃষকেরা। ফসল নিয়ে তাদের দরাদরির ক্ষমতা কমে যাবে, প্রচলিত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) পাওয়া থেকেও বঞ্চিত হবেন তারা। পাশাপাশি বেসরকারি ও বড় সংস্থাগুলোর কাছে কৃষিপণ্য মজুত রাখার রাস্তাও খুলে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com