বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নানা সময়ে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রীকে নিয়ে আবারও চাউর হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, তিনি আবারও বিয়ে করতে যাচ্ছেন। কেউ কেউ বলছেন, ইতিমধ্যে প্রভার বাগদানও হয়ে গেছে। তার সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে বাগদানের ইঙ্গিতও মিলেছে। বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি। প্রশ্ন উঠতে পারে, হাতের আংটি শ্যুটিংয়ের প্রয়োজনেও পরতে পারেন। এর বিপরীতে বলা হচ্ছে, প্রভা তার অনামিকায় একটি নির্দিষ্ট আংটিই পরেন। এবং সেটা গত বছরের মাঝামাঝি সময় থেকে। মাঝে একবার গুঞ্জন শোনা গিয়েছিল, ছোট পর্দার এক তরুণ অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন প্রভা। তার নামের প্রথমে ‘জে’ অক্ষরটি রয়েছে। যদিও প্রভা কিংবা ওই অভিনেতার পক্ষ থেকে এ গুঞ্জনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০১০ সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন প্রভা। কিন্তু সাবেক প্রেমিকের সঙ্গে প্রভার সম্পর্কের কথা ছড়িয়ে পড়লে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার। এরপর ২০১১ সালে মাহমুদ শান্ত নামে এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এবার হয়তো আবারও নতুন কোনো সুখবর দিতে যাচ্ছেন তিনি।