বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

‘অধিনায়ক হয়েও ধোনির সিদ্ধান্তে চলতেন কোহলি’!

অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি ছিলেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা। তার উত্তরসূরি হিসেবে বিরাট কোহলি অবশ্য সুবিধা করতে পারেননি। কিছুদিন আগেই টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন। বাকি দুই ফরম্যাটে নেতৃত্ব ছাড়বেন বলেও শোনা যাচ্ছে। কোহলি আর ধোনির রসায়ন ছিল দারুণ। অধিনায়ক অগ্রজ হিসেবে ধোনিকে সবসময় মান্য করতেন কোহলি। কেউ ধোনির সমালোচনা করলেও তিনি ছেড়ে কথা বলতেন না। এবার জানা গেল, কোহলির ওপর ধোনির প্রভাবের আরও ঘটনা।

বলা হয় দলে সিনিয়র জুনিয়রের ভারসাম্য না থাকলে সেই দলে সাফল্য আসে না। ভারত বরাবরই সিনিয়র জুনিয়রে ভারসাম্য বজায় রেখেছে। সেটা ধোনির নেতৃত্বে হোক বা কোহলির। একাধিকবার সিনিয়রদের থেকে সাহায্যও নিয়েছেন তারা। ভারতীয় দলের সাবেক বোলিং কোচ ভরত অরুণ সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন। তার মতে, ‘কোহলি অধিনায়কত্বের প্রথম দিকে ম্যাচের মধ্যে ছোটোখাটো সিদ্ধান্ত ধোনিকেই নিতে দিতেন। বিশেষ করে টি-টোয়েন্টি আর ওয়ানডে ক্রিকেটে কোহলি এটা করতেন।’

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে একাধিক শিরোপা জিতেছেন ধোনি। এরপর বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে যোগ দেন তিনি। কিন্তু ভিন্ন ভূমিকায় প্রথম মিশনে তিনি ব্যর্থ হন। সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হয় ভারতকে। সেই সাক্ষাৎকারে ভরত অরুণ বলেন, ‘ধোনিকে দলে রাখা মানে তাকে সম্মান প্রদর্শন এবং ও অবশ্যই সাহায্য করবে। কোহলি বুঝতে পেরেছে, ধোনির থেকে তার দায়িত্ব নেওয়াটা কতটা মসৃণ ছিল। তাই কোহলি ধোনিকে মাঠে সম্মান জানিয়ে ছোটো ছোটো সিদ্ধান্তগুলো তাকে নিতে দিত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com