বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

থ্যাংকসগিভিং উৎসবে কোটি কোটি আমেরিকান ঘরের বাইরে

থ্যাংকসগিভিং উৎসব উপলক্ষে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে মিলিত হতে কোটি কোটি আমেরিকান গাড়ি ও বিমানে ভ্রমণ করছেন। মহামারির কারণে গত বছর না পারলেও এবার তারা ঐতিহ্যগুলো পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ভয়েস অব আমেরিকা জানায়, বিমানে ভ্রমণকারীর সংখ্যা চলতি সপ্তাহে মহামারির আগের সময়ের কাছাকাছি বা তা অতিক্রম করে যেতে পারে।

অটো ক্লাব এএএ ধারণা করছে, পেট্রলের অনেক বেশি দাম সত্ত্বেও থ্যাংক্সগিভিং-এর ছুটিতে বাড়ি থেকে কমপক্ষে ৮০ কিলোমিটার ভ্রমণ করবেন চার কোটি ৮৩ লাখ মানুষ যা গত বছরের তুলনায় প্রায় ৪০ লাখ বেশি।

আমেরিকার প্রায় ২০ কোটি মানুষ সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হওয়ায় অনেকেই এখন সাহস পাচ্ছেন। তবে দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে। মিশিগান, মিনেসোটা, কলোরাডো ও অ্যারিজোনার হাসপাতালে করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, গত দুই সপ্তাহে নতুন সংক্রমণ প্রতিদিন গড়ে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলেছে, টিকা নেননি এমন ব্যক্তিদের ভ্রমণ করা উচিত নয়। যদিও এই পরামর্শের কোন প্রভাব পড়ছে কিনা তা স্পষ্ট নয়।

গত শুক্রবার ২২ লাখেরও বেশি মানুষ বিমানে ভ্রমণ করেছেন, যা গত বছরে মহামারির কারণে বিমান পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর সবচেয়ে ব্যস্ততম দিন ছিল। ওই দিন থেকে মঙ্গলবার পর্যন্ত উড়োজাহাজে ভ্রমণ করা মানুষের সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণের বেশি। তবে ২০১৯ সালের চেয়ে ৯ শতাংশ কম।

এ দিকে ওয়ার্ল্ডোমিটার জানায়, করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৮ লাখের কাছাকাছি পৌঁছে গেছে, যা একক দেশ হিসেবে সবচেয়ে বেশি। আক্রান্ত হয়েছে প্রায় ৫ কোটি মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com