বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু ছবি। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
মায়া…
‘মায়া’ নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। চলচ্চিত্রটা মূলত ভালোবাসার উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। একটা ছেলে একটা মেয়েকে তীব্রভাবে ভালোবাসে। প্রেমের পরীক্ষা দিতে গিয়ে চরম একটা ট্র্যাজেডির মুখোমুখি হতে হয় তাকে। ওই ট্র্যাজেডি নিয়েই পুরো গল্প। ফেব্রুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু হবে।
মুখোশ…
‘মুখোশ’ সিনেমার কাজ শেষ করেছি। এখানে মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করেছি। তিনি দুর্দান্ত একজন অভিনেতা। তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। পরীমণি আছে আমার বিপরীতে। গল্পও দুর্দান্ত। প্রত্যেক শিল্পী তাদের জায়গা থেকে দুর্দান্ত অভিনয় করেছেন। নির্মাণও অনেক ভালো। দর্শককে পুরো সময় ধরে রাখতে পারবে ছবিটি। ভিন্ন স্বাদ পাবেন দর্শক।
পরীমণির সঙ্গে…
পরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো। এর আগেও রক্ত সিনেমায় ওর সঙ্গে কাজ করেছি। পরী খুবই ভালো অভিনেত্রী, মিষ্টি মেয়ে। আমরা খুব ভালো বন্ধু। ওর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভালো। রসায়নটাও ভালো।
রিভেঞ্জ…
রিভেঞ্জের কিছু কাজ করেছি। অ্যাকশন থ্রিলারধর্মী গল্প এটা। আগামী ১০ তারিখ থেকে রিভেঞ্জের পরের লটের কাজ শুরু করব। আশা করছি শিগগিরই এই ছবির কাজ শেষ হবে।
শারজায়…
৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শারজা স্টেডিয়ামে বসবে ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল’। শারজার এই ফেস্টিভ্যালে আমি পারফর্ম করব। আমি ছাড়াও নুসরাত ফারিয়া, ববি ও কনা আপু যাবেন। এর জন্য প্রস্তুতি কিছুটা নিয়েছি। বাকিটা ওখানে গিয়ে করব।
৫ বছরের জার্নি…
সিনেমা অঙ্গনে ৫ বছরের জার্নির মধ্যে গত ২ বছরের অভিজ্ঞতা খুবই খারাপ। আর নতুনদের মধ্যে আমি একজন। মোটামুটি দেখতে দেখতে ৪ বছর পার হয়ে গেছে। কাজও কম হয়নি। প্রায় ১৬-১৭টার মতো ছবিতে কাজ করেছি। নতুন আরও কয়েকটা ছবি হাতে নিলাম। প্রতিটি ছবিতে নিজেকে আলাদা করে মেলে ধরার চেষ্টা করি। প্রতিটি ছবিতে নিজের ক্যারেক্টারকে ডিফরেন্টভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। বরাবরের মতো আরও কিছু ছবি হাতে পেয়েছি। সেগুলোতেও ভিন্ন ভিন্ন চরিত্রে পারফর্ম করব। সব সময় লক্ষ রাখি আগের ছবির চেয়ে যেন পরের ছবিটা কম্পারেটিভলি বেটার হয়। সেভাবেই নিজেকে প্রতিমুহূর্তে আপডেট করার চেষ্টা করছি। আমি নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করছি। ভালো কাজ দিয়ে, অ্যাক্টিং দিয়ে মুগ্ধ করতে পারা, মানুষের মন জয় করতে পারাটাই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ।
অন্যান্য ছবি…
মুক্তির অপেক্ষায় ‘মুখোশ’ ছাড়াও নাদের চৌধুরীর ‘জিন’ ছবিটা আছে। জিনে আমার নায়িকা পূজা চেরি। মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ আছে। আশীর্বাদে আমার নায়িকা মাহিয়া মাহি। করপোরেট ছবিটাও রিলিজ পাবে। এর বাইরে একটা ওয়েব সিরিজ রিলিজ পাবে। ‘অপারেশন সুন্দরবন’ আছে, ‘সাইকো’ আছে। ‘জামদানি’ও আমার জন্য দুর্দান্ত একটা ছবি হবে।