বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর নতুন সিজন ‘ফ্যামিলি ক্রাইসিস (রিলোডেড)’ ধারাবাহিকটির জন্য গেয়েছেন তিনি। ‘কখনো আলো কখনো আঁধার’ শিরোনামের নতুন গানটি নিয়ে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করে ন্যানসি বলেন, ‘বহু বছর পর রাজের ধারাবাহিকে গাইলাম। গানটি গেয়ে আত্মতৃপ্তি পেলাম। এর কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। শ্রোতাদের খুব সহজেই গানটি ভালো লাগতে পারে।’ এর আগে ২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘চাঁদের নিজের কোনো আলো নেই’ ধারাবাহিকের জন্য গেয়েছিলেন ন্যানসি।
জানালেন, ‘কখনো আলো কখনো আঁধার’ গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। ২৯ নভেম্বর রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির ধারণকাজ সম্পন্ন হয়।
শাকিব খান অভিনীত ‘এই তো প্রেম’ ছবিতে ন্যানসির প্লেব্যাক করা ‘আমি তোমার মনের ভিতর’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ২০১৬ সালে তিনি শাকিব অভিনীত ‘বসগিরি’ ছবিতেও গেয়েছিলেন। ওই গানটিও প্রশংসা পায়। ৫ বছর পর আবার শাকিব খান অভিনীত ছবিতে গেয়েছেন ন্যানসি। ‘অন্তরাত্মা’ ছবির গানের প্লেব্যাক করার বিষয়ে ন্যানসি বলেন, ‘কয়েক মাস আগে এ গানটিতে কণ্ঠ দিয়েছি। মিষ্টি রোমান্টিক ধাঁচের গান ‘রাখি যতেœ সারা দিন’। বিয়ের পর দম্পতির মধ্যে সাংসারিক বিভিন্ন ঘটনায় সাজানো গানটি। গানটি করে খুব ভালো লেগেছে।’
অন্যান্য গান প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘এর আগে ‘সুবহে সাদিক’ নামে একটি গান প্রকাশ হয়েছে। এতে আমার সহশিল্পী আসিফ আলতাফ। অত্যন্ত ভালো গায় সে। এ গানটিও তার কথা-সুরের। গানটি থেকে ভালো সাড়া মিলছে। আর অনুপম থেকে আমার আরও ৮টি গান প্রকাশের অপেক্ষায় আছে। সিএমভি ও সিডি চয়েস থেকেও নতুন গান আসবে।’
বিয়ে-পরবর্তী জীবন কেমন কাটছে জানতে চাইলে ন্যানসি বলেন, ‘বিয়ের ব্যস্ততা পার করে এখন নিজেকে সময় দিচ্ছি। আমি এখন সম্পূর্ণ টেনশনমুক্ত। কারণ বাসার যত কাজ, রোদেলার পড়াশোনা, অন্যান্য দায়িত্ব সবকিছু মোহসীন নিজেই সামলাচ্ছে। আমাকে তেমন কোনো কিছু করতেই দিচ্ছে না। বিয়ের আগে এত দিন এ সবই আমারই সামলাতে হয়েছে।’মেয়ে রোদেলাকে নিয়ে ন্যানসি বলেন, রোদেলা এখন খুব ব্যস্ত। তার কোনো শিডিউলই নেই! কারণ পড়াশোনা করতে হচ্ছে। পাশাপাশি নাচের ও পিয়ানোর ক্লাস করছে। সামনে গিটার ক্লাস করবে সে। র্যাম্পের একটি ক্লাসে ভর্তি করতে চেয়েছিলাম গ্রুমিংয়ের জন্য। কিন্তু এখন সময়ের অভাবে সেটা হচ্ছে না। রোদেলাকে নিয়ে আমাদের পরিকল্পনা অন্য রকম। দুই বছর পর থেকেই স্টেজ শুরু করবে সে। মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিস শুরু করবে সামনে। ভবিষ্যতে ওকে যেন কোথাও আটকাতে না হয়, সেভাবেই তৈরি হচ্ছে সে।
২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যানসির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তার। পরের বছরে ২০০৮ সালে আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’ গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যানসি। এরপর থেকে ন্যানসি মানেই ভিন্য কিছু। গানে স্বীকৃতস্বরূপ পেয়েছেন নানা পুরস্কারও।