বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
লাক্স তারকা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অর্ষা সাম্প্রতিক কাজ ও নানা বিষয়ে কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
সাম্প্রতিক কাজ…
বেশকিছু কাজ হাতে আছে। এই মুহূর্তেও শ্যুটিংয়ে আছি। কিছুদিন আগে সামিউর রহমানের পরিচালনায় ‘কুহেলিকা’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছি।
কুহেলিকা…
এটি জি ফাইভের একটি ওয়েব সিরিজ। শ্যুটিং শেষ হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চরিত্রটা বলতে পারব না। জি-ফাইভের কাজ তো, রিলিজের আগে কোনো কিছু প্রকাশ করা সম্ভব নয়। ওয়েবে কাজের অভিজ্ঞতা ভালো। তারা অনেক টাইম নিয়ে কাজ করে। শুধু তারা নয় ওয়েবে কাজ করার অভিজ্ঞতা অনেক ভালো। ভালো প্রোডাকশন হয়, ক্যারেক্টার বিল্ড করতে সময় পাওয়া যায়।
সামিউর রহমানের সঙ্গে কাজ…
প্রথমে ‘বউ ডায়েরিজে’ কাজ করেছিলাম। সামিউর রহমানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। প্রথম কাজের এক্সপেরিয়েন্স বলতে গেলে বলব, আই ওয়াজ সো হ্যাপি। উনি তো টিভিসি বানায়- ফলে শর্ট এবং অ্যাক্টিংটাও ভালো বুঝে। ওই জায়গা থেকে তার সঙ্গে আমাদের আর্টিস্টদের একটা ভালো সিঙ্ক ছিল। ওইটা আমার জন্য প্রপার মনে হয়েছে।
সাহস…
সাজ্জাদ খানের ‘সাহস’ ছবিটি সম্প্রতি সেন্সর পেয়েছে। আশা করছি, এটি ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। সাহসের গল্প নিয়ে তেমন কিছু বলতে চাই না। শুধু এটুকু বলব, সাহস আমাদেরই গল্প। অনেক মানুষের দৈনন্দিন জীবনের যে প্রবলেমগুলো ফেস করি, সে সবই ছোট ছোট করে সাহসে তুলে ধরা হয়েছে। আমি আর মোস্তাফিজুর ইমরান নূর ছাড়া সবাই নতুন। সবাই লোকাল থিয়েটারের। এমনকি পরিচালকও নতুন। তবে সবাই নতুন হলেও খুবই মেধাবী ছিল। নতুনদের সঙ্গে কাজ করতে গেলে অনেক নতুনত্ব পাওয়া যায়। সাহসে এমন নতুন কিছু পাবেন দর্শক।
পরিচালকদের অপেশাদারি…
কিছুদিন আগে ‘অরণ্য আনোয়ার’ পরিচালিত মা সিনেমায় কাজ করার ব্যাপারে অপেশাদারি আচরণের শিকার হয়েছিলাম। বড় প্ল্যাটফর্মে এমন অভিজ্ঞতার মুখোমুখি এর আগে হইনি। আর ছোট প্ল্যাটফর্ম মানে নাটকে এরকম প্রায় হতো। তারপর সংগঠনগুলো রুলস জারি করল, কোনো শিডিউল ক্যানসেল করতে হলে চার পাঁচদিন আগেই জানাতে হবে। রুলস জারি করার পরে এই ঝামেলাগুলো ছিল না। কিন্তু বড় প্ল্যাটফর্মে আমাকে এরকম কোনো ঝামেলা ফেস করতে হয়নি আগে। এটাই ফাস্ট টাইম।
সমাধান…
অপেশাদারি আচরণের সমাধান কী হতে পারে? এটা তো কমিটমেন্টের বিষয়। কমিটমেন্ট মেইনটেইন করলে ভালো। আর না করলে জবাবদিহির বিষয় থাকবে। ধরেন, কোনো ডিরেক্টরের সঙ্গে ডেট মিলল না বা রেমুনারেশন মিলল না। সেটা সরাসরি কথা বলে নিলে তো ঝামেলা থাকে না। কিন্তু আমাদের নির্মাতারা আসল ঝামেলাগুলো বলেন না। অন্য কোথাও মুভ করেন। এই ঝুলিয়ে রাখার বিষয়টা প্রফেশনালিজম না।