বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
২০১৮ সালের ১৬ ডিসেম্বরে প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিয়ে হয়। এই বিয়ে নিয়ে মিডিয়ায় কম আলোচনা হয়নি। তৃতীয় বছরে দিনটিকে স্মরণ করেছেন শাম্মা। বুধবার সোশ্যাল শাম্মা হ্যান্ডেলে সিয়াম ও তার একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এভাবেই কেটে গেল তিনটা বছর।’
বন্ধুর বোন শাম্মা রুশাফির সঙ্গে নয় বছরের পরিচয় চিত্রনায়ক সিয়ামের। আর সাত বছর তাঁদের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে তাঁরা জীবনসঙ্গী হিসেবে শুরু করেন সংসারজীবন।
ওই বছর ১৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। সেসময়য় সিয়াম বলেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে থাকব, এমন ভাবনা থেকে আমাদের সম্পর্কের শুরু। আমি সব সময় যে বিষয়টা দেখেছি, অবন্তী আমার প্রতি যতটা শ্রদ্ধাশীল তার চেয়েও বেশি আমার পেশার প্রতি। আমি যা করছি, সবকিছুতে সে সাপোর্ট করেছে। আমার প্রথম সিনেমায় কাজ করার আগে অনেক বেশি উৎসাহ দিত। অবন্তী যে সাপোর্ট আমাকে করে আসছে, এভাবে থাকলে পেশাগত ও ব্যক্তিজীবন দুই জায়গায় হয়েতো ভালো কিছু করতে পারব। একজন পুরুষের সফলতার পেছনে তাঁর জীবনসঙ্গীর সমর্থন বড় ভূমিকা রাখে। তেমনি নারীর ক্ষেত্রেও জীবনসঙ্গীর সমর্থন খুব জরুরি। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে ভীষণ খুশি।’
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক শেষ করেছেন শাম্মা রুশাফি অবন্তী। সিয়ামও পড়াশোনায় ভীষণ মেধাবী। মা-বাবার ইচ্ছায় ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হয়ে সেখান থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরে অভিনয়ে পুরোদস্তুর জড়িয়ে পড়েন।