বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ঢালিউডের এ প্রজন্মের নায়িকা অধরা খান। আমেরিকা থেকে শুরু করেছেন নতুন বছর। ভ্রমণপিপাসু এ নায়িকা বর্তমানে অবস্থান করছেন ভেগাসে। লম্বা সফর নিয়ে এবার দেশের বাইরে গেছেন তিনি।
গত ২৩ ডিসেম্বর উড়াল দিয়েছেন অধরা। বড়দিন আর নতুন বছর উদযাপন ছিল তার এ যাত্রার উদ্দেশ্য। মোবাইল ফোনে সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন এ নায়িকা।
তিনি বলেন, ‘হঠাৎ করে আমেরিকা আসিনি। ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ভিসা পেতে দেরি আর পেপারস জটিলতার কারণে সম্মেলনে অংশ নেওয়া হয়নি। তারপর ভিসা পাওয়ার পর ভাবলাম, ঘুরে আসি। বড়দিন আর নিউ ইয়ার সেলিব্রেশনটাও করে আসি। সে ভাবনা থেকেই আমেরিকায় চলে আসা।’
এর আগে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন অধরা। পারিবারিক ব্যবসার কারণে বছরে দুইবার দুবাই যাওয়া-আসা করেন তিনি। সম্প্রতি শুটিং করেছেন মালদ্বীপ আর ভারতে। পরিকল্পনা করেই আমেরিকা গিয়েছেন, হুট করেই না। এমনটাও জানালেন অধরা খান।
নিউ ইয়ার সেলিব্রেশন কেমন ছিল? উত্তরে ‘নায়ক’ সিনেমার এ নায়িকা বলেন, ‘অসাধারণ। প্রথমবার বিদেশে নিউ ইয়ার সেলিব্রেশন করলাম। ইটস অ্যামেজিং, ভাষায় প্রকাশ করার মত না। ক্রিসমাস আর নিউ ইয়ার দুটি বড় উৎসব। চারদিক দারুণ আয়োজনে সাজানো ছিল। সত্যি অন্যরকম একটি অভিজ্ঞতা হয়েছে।’
আমেরিকা থেকে ফেব্রুয়ারিতে দেশে ফেরার পরিকল্পনা আছে অধরার। এর আগে গেল দুর্গাপূজার সময় কলকাতায় ছিলেন তিনি। শারদ উৎসবটিকে দেখেছেন নিজের মত করে। অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেছিলেন, ‘পূজার উৎসবের ব্যাপারে আমার তেমন আইডিয়া ছিল না। এবারই প্রথম কলকাতায় পূজা দেখেছি। বিশাল উৎসব। সবাই মণ্ডপ পরিদর্শন করে। মজার ব্যাপার হলো, কলকাতায় থিমের ওপর ভিত্তি করে দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করা হয়। চোখ ধাঁধানো থিম। অনেক সুন্দর।’
মুক্তির দিক থেকে অধরার প্রথম সিনেমা ‘নায়ক’। ২০১৮ সালে মুক্তি পেয়েছে এটি। এরপর মুক্তি পেয়েছে ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা দুটি। অধরা অভিনয় করেছেন অহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড নাইনটিন ইন বাংলাদে ‘, সৈকত নাসির পরিচালিত ‘বর্ডা ‘, অপূর্ব রানার ‘উন্মাদ’ ও ‘গিভ এন্ড টেক’ সিনেমাতে। এর মধ্যে দুটি সিনেমার কাজ শেষ হয়েছে এবং দুটি আটকে আছে।
গণ্ডি পেরিয়ে কলকাতার একটি সিনেমাতেও অভিনয় করেছেন এ নায়িকা। মালদ্বীপ ও ভারতের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে। সিনেমাটির ব্যাপারে খুব বেশি তথ্য দিচ্ছেন না অধরা। জানালেন, এ বছর এপ্রিলে আবারও শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আমেরিকা থেকে ফিরে সব কাগজপত্র নিয়ে ভারতের ভিসার আবেদন করবেন। তারপর উড়াল দেবেন অধরা, ফিরবেন বিদেশি সিনেমার শুটিং শেষ করেই।