বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত ‘শান’ সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল ৭ জানুয়ারি। কিন্তু গতকাল রাতে ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে। এই সিনেমায় পূজার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। তিন বছর পর আবারও সিয়াম পূজা জুটির সিনেমা মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই গান ও ট্রেলার মুক্তি পেয়েছে। এসব দেখে দর্শকরা ছবিটিতে ভালো কিছু প্রত্যাশা করছেন। এ বিষয়ে পূজা বলেন, ‘দিন যত যাচ্ছে ততই প্রত্যাশা বেড়ে যাচ্ছে। শুরু থেকেই দর্শকরা আশায় ছিলেন কবে নাগাদ মুক্তি পাবে শান। এর আগে রোজার ঈদে মুক্তির কথা থাকলেও তখন মুক্তি পায়নি। শিগগিরই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আমিও দর্শকদের সঙ্গে প্রত্যাশায় আছি, এই ছবিটা ভালো করবে।’
শান সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানতে চাইলে তিনি বলেন, ‘সিয়াম-পূজার ‘দহন’-এর অনেক দিন পর আবার ‘শান’ সিনেমা করলাম। এই গল্পটা বারবার শুনেছি। এখানে রিয়া চরিত্রে আমি কাজ করেছি। একটা চঞ্চল, সুইট একটা চরিত্র। এ ধরনের চরিত্র আমার ভালো লাগে। আর এ ধরনের চরিত্রে এর আগে আমি কাজ করিনি। সব মিলিয়ে আমার মনে হয়েছে সিয়াম পূজার জন্য এটা একটা পারফেক্ট সিনেমা। তাই সিনেমাটি করা।’
পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে পূজা বলেন, ‘রাহিম ভাই অনেক ভালো একজন ডিরেক্টর। এর আগে ‘অগ্নি’ সিনেমায় আমি শিশুশিল্পী হিসেবে কাজ করেছি। সেখানে তিনি সহকারী হিসেবে কাজ করেছিলেন। ‘নূরজাহান’ সিনেমাতেও তিনি চিফ সহকারী ছিলেন। পোড়ামন টুতেও তিনি সহকারী হিসেবে কাজ করেছেন। ফলে ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেক আগে থেকেই। ফলে যখন শুনেছি যে রাহিম ভাই ডিরেক্টর হচ্ছেন তখন খুব ভালো লেগেছে যে, একজন অভিজ্ঞ মানুষকে পরিচালক বানানো হয়েছে।’
সিনেমাটি কেন দেখতে যাবে দর্শক? এ বিষয়ে পূজা বলেন, ‘বাংলাদেশি হিসেবে বাংলাদেশি সিনেমা দেখবে মানুষ। এখানে রোমান্স, অ্যাকশন থেকে সব কিছুই আছে। মানে এটা একদম মাসালা একটা ফিল্ম। সে কারণেই এই সিনেমাটি মানুষ দেখতে যাবে।’ সিয়ামের সঙ্গে জুটি নিয়ে পূজা বলেন, ‘পোড়ামন টু দেখার পর থেকে মনে হয় আমাদের জুটিকে দর্শকদের ভালো লেগেছে। সে কারণেই হয়তো দর্শক আমাদের জুটিকে পিক করেছে। কেন করেছে সে বিষয়ে বিস্তারিত বলতে পারব না। তবে আমি ভাগ্যে বিশ্বাসী। আমার মনে হয় আমাদের ভাগ্যই আমাদের দর্শকদের সামনে গ্রহণযোগ্যতা তৈরি করেছে।’
এদিকে সম্প্রতি মাঝরাতে সিয়াম ও পূজা শান সিনেমার পোস্টারও লাগিয়েছেন দেয়ালে দেয়ালে। এটা নিয়ে পূজা বলেন, ‘সেদিন রাত একটা পর্যন্ত শানের পোস্টার লাগিয়েছি। খুবই দারুণ অভিজ্ঞতা ছিল এটা।’
এদিকে গত বছর পূজা শেষ করেছেন ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত হৃদিতার শ্যুটিং। এ বিষয়ে পূজা বলেন, ‘আমার কাছে মনে হয়েছে হৃদিতা মেয়েটা শান্ত স্বভাবের হলেও চঞ্চল। খুবই সফট একটা মেয়ে। দেখলেই মনে হবে পাশের বাসার একটা সুন্দর মেয়ে। যদিও আমি সুন্দর না। মেকাপ দিয়ে সুন্দর হওয়ার চেষ্টা করি (হাসি)। তো আমি ওইভাবেই চিন্তা করে অ্যাক্টিং করার চেষ্টা করেছি। শ্যুটিং শেষে আমাদের ডিরেক্টর এতটাই খুশি যে উনি চান ওনার পরবর্তী কাজও আমি করি। সব মিলিয়ে পরিচালকের কথা শুনে মনে হচ্ছে তারা সন্তুষ্ট।’
এস এ হক অলিক পরিচালিত গলুইয়ের কাজ শেষ করেছেন পূজা। গলুই নিয়ে তিনি বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রের নাম মালা। মেয়েটা অভিজাত পরিবারের একটা মেয়ে। মেয়েটা খুব ব্যক্তিত্বসম্পন্ন মেয়ে। এতে আমার বিপরীতে আছেন শাকিব খান। এই চরিত্রের জন্য যখন এসএ হক অলিক ভাই আমাকে প্রথম দেখেন তখন আমি অনেক শুকনো ছিলাম। উনি তখন বললেন, তুমি যদি একটু ওজন বাড়াও তাহলে তোমাকে আরও সুন্দর লাগবে। তবে কতটুকু ওজন বাড়াতে হবে তা বলেননি, শুধু বলেছেন যতটুকু ওজন বাড়ালে আরও সুন্দর লাগবে ততটুকু বাড়াতে। আমার মনে হয় ৫০ কেজি থেকে ৫৪/৫৫ কেজি হয়েছি। মানে এই চরিত্রের জন্য প্রায় ৪/৫ কেজি ওজন বাড়িয়েছি।