বুধবার, ০১ Jul ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
ঢালিউডের নতুন জুটি বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু পরপর তিনটি ছবিতে অভিনয় করছেন। ‘যন্ত্রণা’ ও ‘জয় বাংলা’র পর এখন ‘কুস্তিগির’ ছবির শ্যুটিং করছেন তারা। সম্প্রতি এ ছবির ‘মায়ায় বান্ধো’ শিরোনামের গানে প্রাণের ঝুঁকি দিয়েই দুই দিন দুই রাত ধরে শ্যুটিং করলেন তারা। কারণ গানটির শ্যুটিং হয়েছে নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত সাদা মাটির পাহাড়ের একটি বড় খাদের মধ্যে। যার গভীরতা ৩০০ ফুটের বেশি। অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই জায়গায় নৌকায় মধ্যে শ্যুটিং করেছেন এই নায়ক-নায়িকা। বাপ্পী বলেন, ‘আমরা যে খাদটিতে শ্যুটিং করেছি সেটি অত্যন্ত বিপজ্জনক। কয়েকদিন আগেই এখানে এসে দুজন মারা যান। তাই অত্যন্ত চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজটি করতে হয়েছে। তাছাড়া প্রচণ্ড শীতও ছিল। তারপরও গানটিকে পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তুলতে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজটি করেছি।’ মিতু জানান, ‘শ্যুটিংয়ে ব্যবহৃত নৌকায় আলাদা পাটাতন ব্যবহার করা হয়েছে। যার ফলে নৌকার ভারসাম্য রক্ষা করা আরও কঠিন হয়ে গিয়েছিল। ১৫০ জন সাঁতার জানা স্থানীয় ছেলে, ৪ জন প্রফেশনাল ডুবুরি, বড় বড় প্রায় ৫০টি ড্রাম, দড়ি এবং বড় নৌকা প্রস্তুত রাখা হয়েছিল দুর্ঘটনা এড়াতে। এ সময় তাদের সঙ্গে লাইফ জ্যাকেটও রাখা হয়। কারণ শট দিতে গিয়ে কোনো কারণে পড়ে গেলেই সর্বনাশ হতে পারত।’ এরই মধ্যে সিনেমাটির ৭০ ভাগ শ্যুটিং শেষ। আর ১০ দিনের শ্যুটিং বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শেষ কাজটুকু হবে কুমিল্লায়। গ্রামীণ পটভূমির গল্প নিয়ে ‘কুস্তিগির’ পরিচালনা করছেন শাহীন সুমন।