বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ভেসুল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব এশিয়ান সিনেমাসে এবার দর্শকদের ভোটে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। এটি ইরানের রেজা দরমিশিয়ানের ‘নো চয়েস’ ছবির সঙ্গে যৌথভাবে পুরস্কার পায়। চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কারগুলোর মধ্য অন্যতম দর্শক জরিপ পুরস্কার বা অডিয়েন্স অ্যাওয়ার্ড। কারণ, চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখে সরাসরি দর্শকরা এই ক্যাটাগরিতে ভোট দিয়ে সেরা ছবি নির্বাচিত করেন। গত মঙ্গলবার রাতে ঘোষণা করা হয়েছে পুরস্কারটি। ২৮তম আসর শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। উৎসবে সরাসরি অংশ নিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। পুরস্কার অর্জন প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘নো ল্যান্ডস ম্যান আমার জন্য একটা স্পেশাল ছবি। ফলে সেটা যেকোনো স্বীকৃতি পেলেই আমি কৃতজ্ঞ বোধ করি। আর যখন সেটা ফেস্টিভ্যালের দর্শকদের ভোটে হয়, তখন নিশ্চয়ই অন্য রকম আনন্দ হয়।’
সিনেমাটি প্রদর্শনীর আগে দর্শক ও সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছিল এই নির্মাতাকে। সেসব অভিজ্ঞতা ভাগাভাগি করে ফারুকী বলেন, ‘দর্শকরা সিনেমাটির ভেতরের অনেক সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। এই বিষয়গুলো যে তাদের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে, এটা আমার কাছে ইন্সপায়ারিং লেগেছে। আর প্রথম শোতে থাকতে পারিনি। পরে জেনেছি সিনেমাটি দেখে কিছু দর্শক আমাকে খুঁজেছেন। আমি অবাক হয়েছিলাম পরে শো শুরুর আগে। তখন জানলাম, আমি আসব জেনে প্রথম শো দেখা তিনজন প্রবীণ দর্শক আমার প্রশ্নোত্তর পর্ব দেখার জন্য দূর থেকে এসেছেন। এটা আমার জন্য আরও বেশি ইন্সপায়ারিং।’
ভেসুলের অভিজ্ঞতা ফারুকীর হৃদয় ছুঁয়ে গেছে। একটি আবেগঘন ঘটনায়ও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, ‘গতকাল যেটা ঘটল সেটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। আগের দিন ছিল নো ল্যান্ডস ম্যানের প্রথম শো, যেটা আমি মিস করেছি। তো গতকাল দ্বিতীয় শোয়ে ঢুকব প্রশ্নোত্তর পর্বে যোগ দেওয়ার জন্য। দেখি তিনজন প্রবীণ মানুষ হলের দরজায় দাঁড়িয়ে আছে। ভলান্টিয়ার আমাকে এসে জানাল তারা তিনজন কালকে আমার ফিল্ম দেখেছে। দেখে খুব মুভড হয়েছে। কিন্তু অন্য সব দর্শকের মতোই আমাকে না পেয়ে মন খারাপ করেছে। কিন্তু পরে যখন জানতে পেরেছে আজকের প্রশ্নোত্তর পর্বে আমি থাকব, তখন তারা বহুদূর থেকে আজকের শোতে এসেছে শুধুমাত্র প্রশ্নোত্তর পর্ব দেখার জন্য এবং আমাকে ভালোবাসা জানানোর জন্য। আমি খুব ছোট একজন মানুষ, তারচেয়েও ছোট ফিল্মমেকার। ভালোবাসা পেলে আমি আবেগাপ্লুত হয়ে যাই। কালকের শো এবং শো শেষে পুরো প্রশ্নোত্তর পর্ব আমার জন্য একটা স্মরণীয় রাত হয়ে থাকবে। এসব ছোট ছোট ব্যাপারগুলোর জন্যই এখনো ছবি বানানোর জন্য তাড়না পাই মনের ভেতর।’
এর আগে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা থেকে ‘নো ল্যান্ডস ম্যান’ স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ড জিতেছিল। ইন্ডিয়ান ফিল্ম বাজার কো-প্রোডাকশন মার্কেটে বেস্ট প্রজেক্ট পুরস্কার পায়। বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে জায়গা করে নিয়েছিল এটি। তারপর থেকেই সিনেমাটি নিয়ে প্রযোজক ও দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। সিনেমাটি গত বছর বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ শাখা কিম জিসুক অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিল। পরে কায়রো চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু উৎসবে অংশ নেয় ও প্রশংসিত হয়। ‘নো ল্যান্ডস ম্যান’-এর সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। পাশাপাশি তিনি সিনেমাটিতে সহ-প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, তাহসান খান, মেগান মিশেল, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ।