মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘মুখোশ’ নিয়ে হাজির রোশান-পরী

রাজধানীর আধুনিক প্রেক্ষাগৃহসহ দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইফতেখার শুভ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মুখোশ’। মুক্তির আগে গত বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। উপস্থিত দর্শক ছবিটির দারুণ প্রশংসা করেন। অনেক দর্শকের অভিমত, গল্পটি একেবারেই ব্যতিক্রম। নতুন পরিচালক হিসেবে যথেষ্ট মেধার পরিচয় দিয়েছেন নির্মাতা। গল্প এতটাই টানটান উত্তেজনাময় যে, দর্শক শেষ না দেখে উঠতে পারবেন না। মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, পরীমণি, রোশান, ইরেশ জাকের, এলিনা শাম্মি যার যার চরিত্রে সাবলিল অভিনয় করেছেন। প্রিমিয়ার শো শেষে মেধাবী অভিনেতা মোশাররফ করিম সাংবাদিকদের বলেন, ‘গল্পটি ভালো, সে কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী।’

এই সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন ইব্রাহিম খালেদি চরিত্রে। সিনেমার মূল রহস্য তাকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রিমিয়ার শো’তে সেই অপেক্ষা শেষ করে গল্পের প্রশংসায় মেতেছিলেন আগত অতিথিরা। এ আয়োজনে পরিবারসহ উপস্থিত হয়েছিলেন সিনেমাটির অন্যতম আকর্ষণ পরীমণি। নায়িকার ভাষ্য, ‘আমার প্রতি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! আশা করছি এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘মুখোশ’। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে পরিচালক ইফতেখার শুভর লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে। সিনেমাটির অন্যতম প্রযোজকও পরিচালক। প্রিমিয়ার শো’তে বেশ আবেগি ছিলেন পরিচালক। জানিয়েছেন, ‘প্রিমিয়ারে যারা ছিলেন সবাই প্রশংসা করছেন, এটা খুব ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি দেখবেন এবং তাদের ভালো লাগা ও মন্দ লাগা আমাদের জানাবেন।’ চিত্রনায়ক রোশান বলেন, ‘আমি চেষ্টা করেছি যতটুকু স্পেস পেয়েছি তাতে নিজের চরিত্রকে তুলে ধরতে। বোদ্ধা দর্শকরা পছন্দ করায় প্রত্যাশা আরও বেড়ে গেছে।’ ছবিটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহম্মেদ, প্রাণ রায়, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকে। সিনেমাটির পরিবেশনার করছে মিশন এক্সট্রিম’খ্যাত প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

‘রক্ত’ ছবির ছয় বছর পর দ্বিতীয়বার এই ছবিতে ফিরছেন পরীমনি-রোশান জুটি, সঙ্গে আছেন মোশাররফ করিম। রোশানকে দেখা যাবে সুপারস্টার নায়কের ভূমিকায়, পরীমনিকে সাংবাদিকের ভূমিকায়। তবে গল্প বা পরিচালক নয়, ছবির কাস্টিং শুনেই ‘মুখোশ’-এ অভিনয় করতে রাজি হয়ে যান রোশান। তিনি বলেন, ‘মোশাররফ ভাই আমার ভীষণ প্রিয়। আমরা যাদের দেখে অভিনয় শিখি, মোশাররফ ভাই তাদের অন্যতম। প্রস্তাব পেয়ে প্রথমেই ভাবলাম, এমন বাঘা বাঘা অভিনয়শিল্পীকে পরিচালক যখন রাজি করাতে পেরেছেন, সেখানে আমার অবশ্যই থাকা উচিত।’ যখন মোশাররফ করিমের সঙ্গে শ্যুটিং হলো, কেমন ছিল সেই অভিজ্ঞতা? ‘এক কথায় দারুণ! শ্যুটিং শেষে গভীর রাত পর্যন্ত মোশাররফ ভাই, পাভেল ভাইদের সঙ্গে আড্ডা দিতাম। আমি আর পরী মুগ্ধ হয়ে তাদের কথা শুনতাম’, বলেন রোশান।

পরিচালক ইফতেখার শুভর প্রথম ছবি এটি। নিজের লেখা উপন্যাস ‘পেজ নাম্বার ফোরটি ফোর’ অবলম্বনে ‘মুখোশ’। শুভ বলেন, ‘গল্পের জোর ছিল বলেই এই অভিনয়শিল্পীরা রাজি হয়েছেন।’ “আমি মোশাররফ ভাইকে জিজ্ঞেসও করেছি, আপনি তো বেছে বেছে ছবি করেন। আমার এই ছবি করতে রাজি হলেন কেন? বলেছেন, ‘তোমার গল্পটা পছন্দ হয়েছে। গল্পের জোর না থাকলে আমি হয়তো রাজি হতাম না।’ প্রায় সবাইকেই শ্যুটিংয়ের বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছি তারা রাজি হলেন কেন। সবাই প্রথমত আমার গল্পের প্রশংসা করেছেন”, বলেন শুভ। পরী বলেন, ‘এখানে আমার নাম সোহানা, ক্রাইম রিপোর্টার। এমন চরিত্রে যে ধরনের চ্যালেঞ্জটি চিত্রনাট্যে থাকা দরকার, সেটাই রেখেছেন পরিচালক।’ মোশাররফ করিমকে নিয়ে বললেন পরীমনিও, “উনি আমার দেশি লোক, বরিশাল অঞ্চলের। যখন শ্যুটিং শুরু করি, তখনই একটি ছবি ফেইসবুকে আপলোড করেছিলাম। ক্যাপশন লিখেছিলাম, ‘দেশি’। প্রথম দিনের শ্যুটিংয়ে আমরা ঢাকা থেকে বিমানে গেলাম। বিমানবন্দর থেকে একই গাড়িতে গেলাম শ্যুটিং স্পটে। সেই সময় মোশাররফ ভাই আমাদের সঙ্গে এমনভাবে কথা বললেন যেন আমরা আড়ষ্ট হয়ে না থাকি, ক্যামেরার সামনে গিয়ে তাই একদমই মনে হয়নি এত বড় একজনের সামনে সংলাপ দিচ্ছি। এমন জাঁদরেল অভিনেতার সামনে পড়লে যে ভয়টা কাজ করার কথা, সেটা হয়নি। কারণ মোশাররফ ভাই আমাদের সেই কমফোর্ট জোনটা আগেই তৈরি করে দিয়েছেন।”

শ্যুটিং শেষে ডাবিংয়ের আগে প্রায় এক মাস যেন দুঃস্বপ্নের মধ্যে কাটিয়েছেন পরীমনি। থানা, আদালত আর কারাগারে থাকার ওই দুঃসময় পার করে তিনি জামিনে মুক্ত হন। মুক্তি পাওয়ার সাত দিনের মাথায় ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন। পরিচালক শুভ বলেন, ‘আমরা তখন একটু দুশ্চিন্তায় ছিলাম। পরী যখন কাজে ফিরেছেন আমরা সবাই মিলে তার পাশে থাকার চেষ্টা করেছি। যাতে তিনি মানসিক ঝড়টা কাটিয়ে উঠতে পারেন। তিনি যথেষ্ট শক্ত মানসিকতার, যাকে বলে লড়াকু। এ কারণেই এত ঝড় কাটিয়ে উঠতে পারছেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com