মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে প্রায়ই দেখা যায় মানুষের পাশে দাঁড়াতে। সিনেমা সংশ্লিষ্টদের পাশে থাকেন একেবারে নীরবে। তবে করোনার সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন খাদ্যসহ নানা কিছু দিয়ে। এবারও তার ফেইসবুকের পাতায় তেমনি ছবি। এই নায়িকা এতিমখানার শিশুদের সঙ্গে ইফতার করলেন। গত ৫ এপ্রিল মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত একটি এতিমখানায় গিয়েছিলেন ববি। এই নায়িকা বলেন, ‘৫ এপ্রিল ছিল আমার বাবা কে এম ইমামুল হকের মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে আমরা তাকে হারাই। কী যে ভয়ংকর রাত এপ্রিলের ৫ তারিখ। সবাই বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে! ভয়, অস্থিরতা, কান্না, কষ্ট যত সময় যাবে ওই রাত আর এমন লাগবে না। কিন্তু আমার তো কমছে না। বরং কখনো কখনো বাড়ছে। মাঝেমধ্যে বিশ্বাস হয় না আব্বা নেই। যে মানুষটা এত সব কিছু করে দিল- আর নেই! কিন্তু তার শিক্ষা, মানুষের জন্য ভালোবাসা, সরলতা, বুঝে হোক আর না বুঝে হোক সব সময় মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা এসব তো আর মুছে যাবে না। অনেক দেখতে ইচ্ছে করে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, একসঙ্গে বসে খেতে ইচ্ছে করে, মুভি দেখতে ইচ্ছে করে। অনেক কথা ছিল বাবার সঙ্গে, বলতে পারলাম না। তিনি চলে যাওয়ার আগের দুই সপ্তাহ আমি ইন্ডিয়াতে শ্যুটিং করছিলাম। নিজেকে খুব অপরাধী মনে হয়। কত ভালোবাসা কত অভিমান সব সঙ্গে নিয়ে চলে গেছেন তিনি। বাবার জন্য দোয়া করা সন্তানের জন্য সবচেয়ে বড় দায়িত্ব।’