মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
দেশের অবিসংবাদিত অভিনেতা চিত্রনায়ক মান্না নেই। এক যুগের বেশি সময় আগে তিনি চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। তবে সম্পর্কের বন্ধনে, ভালোবাসাময় এ পৃথিবীতে এখনো মানুষের অন্তরে তিনি। তাইতো তাকে নিয়ে হয় স্মৃতিচারণা, লেখা হয় রুপালি পর্দার মহাকাব্যের ইতিহাস।
নায়ক মান্নাকে গানের কথামালায় খোঁজার চেষ্টা করেছেন স্ত্রী শেলী মান্না। গানের মধ্যেই তাদের সোনালি অতীত, তার শূন্যতার কথা তুলে ধরেছেন তিনি।
শেলী মান্না বলেন, ‘আপনজন হারানোর ব্যথা কথায় ও ভাষায় প্রকাশ যাবে না। মান্নাকে হারিয়েছি অনেক বছর। তার শূন্যতা আমাদের এখনো ভাবায়, এখনো কাঁদায়। মান্না চলে গেলেও তার স্মৃতি আমাদের অন্তরে। তার অসমাপ্ত কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্নাকে হারানোর ব্যথা, তার শূন্যতা নিয়ে এবারই প্রথম একটি গান লিখলাম। কৃতাঞ্জলির ব্যানারে ঈদের দিন গানটি প্রকাশ পাবে। ‘
চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা মান্নাকে স্মরণ করা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। নায়ক মান্নাকে নিয়ে শেলী মান্নার লেখা গানটি মুক্তি পাবে ঈদুল ফিতরের দিন কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে।