মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। পাশের দেশে এখন বিখ্যাত মানুষের জীবনের গল্প নিয়ে সিনেমা নির্মাণের জোয়ার চলছে। বাংলাদেশের নির্মাতা শফিক হাসানও যেন সেদিকেই ঝুঁকলেন! ঢালিউডে প্রথমবারের মতো তৈরি হচ্ছে জাতীয় কবির বায়োপিক। তাতে কাজী নজরুলের বেশে দেখা যাবে দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে। সিনেমার নাম রাখা হয়েছে ‘বিদ্রোহী নজরুল’। এতে কবির জীবনের ১৪ বছর বয়স থেকে পরিণত বয়সের গল্প দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা। ‘বিদ্রোহী নজরুল’-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভূমিকায় অভিনয় করবেন শাকিব খান। জানা গেছে, এর মধ্যে পরিচালক সমিতিতে ‘বিদ্রোহী নজরুল’ সিনেমাটির নাম নিবন্ধন করেছেন নির্মাতা। এ সিনেমায় অভিনয়ের ব্যাপারে শাকিব খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা হচ্ছে পরিচালক শফিক হাসানের। এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন শাকিব। ফিরেই তিনি চুক্তিবদ্ধ হবেন বলে জানা গেছে।
শফিক হাসান বলেন, ‘শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু তখন আমি চিত্রনাট্য শেষ করতে পারিনি। তিনি দেশে ফিরেই আমার সিনেমায় চুক্তিবদ্ধ হবেন। প্রযোজকও সেভাবে প্রস্তুত আছেন। আশা করছি, জাতীয় কবির চরিত্রে শাকিবকে পছন্দ করবেন দর্শক।’ এর আগে শাকিব খানকে নিয়ে ‘ধূমকেতু’ সিনেমা বানিয়েছিলেন শফিক হাসান। দীর্ঘ ছয় বছর পর আবার শাকিবকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন এই নির্মাতা।
‘বিদ্রোহী নজরুল’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মুনির রেজা। সরকারি অনুদানের জন্য আবেদন করা হয়েছে। নির্মাতা জানিয়েছেন, এমন একটি ভালো বিষয়বস্তুর সিনেমা সরকারি অনুদান পাবে বলে আশা করছেন তিনি। তবে অনুদান না পেলেও সিনেমাটি নির্মাণে পিছপা হবেন না বলে জানিয়েছেন নির্মাতা।
শফিক হাসান বলেন, ‘সিনেমাটির পরিসর বেশ বড়। নজরুলের কৈশোর থেকে শুরু করে তার কারামুক্তি পর্যন্ত আমার সিনেমার গল্প। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শ্যুটিং করার পরিকল্পনা করেছি। এমন একটি বিষয় নিয়ে সিনেমাটি হচ্ছে, যার জন্য আমাদের অনেক গবেষণার প্রয়োজন। আমরা চেষ্টার কোনো কমতি রাখছি না।’