মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। এখন ঈদের জন্য নানা মাধ্যমে গান করছেন। যেন দম ফেলার সময় পাচ্ছেন না। সমসাময়িক বিষয়ে এই তারকার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ব্যস্ততা…
রমজানের মধ্যে ঈদের অনুষ্ঠান নিয়ে ব্যাপক ব্যস্ততা যাচ্ছে। প্রায় প্রতিদিনই থাকছে কোনো না কোনো টিভি চ্যানেলের শ্যুটিং। আবার কোনো কোনো দিন একাধিক চ্যানেলের ঈদ অনুষ্ঠানের শ্যুটিংও করছি। সত্যি বলতে এতটাই ব্যস্ত সময় যাচ্ছে যে নিজের জন্যও সময় বের করতে পারছি না। গত দুই বছর করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে চ্যানেলগুলোর ঈদ অনুষ্ঠানে সেভাবে অংশ নিতে পারিনি। তবে এবার ঈদের আগে শ্যুটিংয়ের প্রেশার যাচ্ছে বেশ। আমাদের টিভি চ্যানেলের সংখ্যা তো অনেক। গত কয়েক দিনে বাংলাভিশনের ‘আমার আমি’, আরটিভির ‘শপার’স গাইড’, ‘একুশে টেলিভিশনের ‘গানের ওপারে’, দেশ টিভিতে ‘প্রিয়ার প্রিয়জন’ আর এসএ টিভির ঈদ অনুষ্ঠানের শ্যুটিংয়ে অংশ নিয়েছি। এই ব্যস্ততা রমজান জুড়েই চলবে। বলতে গেলে ঈদ অনুষ্ঠানমালায় প্রায় সব চ্যানেলেই আমাকে দেখা যাবে।
রমজানের আগে…
নতুন গান…
নতুন গানের কাজ চলছে মোটামুটি। সর্বশেষ কিছুদিন আগেই আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করলাম ‘চাই তোমায়’ শিরোনামের গান। এর সুর ও সংগীত নাভেদ পারভেজের করা। গানটি থেকে বেশ ভালো প্রশংসা পাচ্ছি। এই গানটি আমার হৃদয়ের খুব কাছের। কারণ, এই গানটি শুধু গাইনি। মিউজিক ভিডিওর পুরো পরিকল্পনা এবং পরিচালনা আমার ছিল। যুক্তরাষ্ট্রের দারুণ কিছু লোকেশনে গানটির শ্যুটিং করেছি। একজন বিদেশিকে দিয়ে ভিডিওটির শ্যুটিং করেছি। শুধু মিউজিক ভিডিও না, গানের সুর ও সংগীতেও নতুনত্ব এনেছেন নাভেদ। তার সঙ্গে অনেক দিন থেকে কাজের কথা চলছিল। অবশেষে এবার করোনাকালে লম্বা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে গেলে সেই অবসরকে কাজে লাগিয়ে গানটি করে ফেলি। সবকিছু নিজের মনমতো করা যায় বলেই এখন নিজের ইউটিউব চ্যানেলের প্রতি আমি খুব মনোযোগী হয়ে উঠেছি। এ ছাড়া জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে একটি গান আসবে। আর ঈদে আরও একটি একক গান প্রকাশের কথা রয়েছে।
সংগীতাঙ্গন…
সংগীত ইন্ডাস্ট্রির অবস্থা করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর খুব বাজে অবস্থা গেছে। তবে এখন আবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এটা আমাদের শিল্পী-মিউজিশিয়ানদের জন্য ইতিবাচক দিক। যে সময়টা গেছে এটা আর চাই না। সামনে ভালো সময় আসুক সেটাই চাওয়া।