মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নিয়মিত মুখ জয়া আহসান। গত কয়েক বছরে উল্লেখযোগ্য বেশকিছু বাংলা সিনেমায় তার নাম জড়িয়ে আছে। শুধু প্রেক্ষাগৃহের দর্শকের জন্য নয়, তার অভিনীত সিনেমা যাচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও। সাবলীল অভিনয়ের জন্য নানা পুরস্কার ও বিশেষণ যুক্ত হয়েছে তার নামের পাশে। তবে এসবের চেয়ে একটি ‘ভালো প্রজেক্ট’-এ যুক্ত হওয়া তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। জয়া আহসানের ভাষায়, তেমন একটি ভালো প্রজেক্ট ‘ফেরেশতে’। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এই সিনেমায় আছেন বাংলাদেশের আরও পরিচিত কয়েকজন অভিনেতা। ইরানি নির্মাতার সিনেমা হলেও এর পুরো গল্পে বাংলাদেশকেই দেখতে পাবেন দর্শক। সুবিধাবঞ্চিত একটি পরিবারকে ইতিবাচকভাবেই তুলে ধরা হয়েছে সিনেমায়। ইরানি সিনেমার ঢঙেই নির্মিত হচ্ছে ‘ফেরেশতে’। সিনেমা সম্পর্কে বিস্তারিত জানাতে গত শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন সিনেমা সংশ্লিষ্টরা। এ সময় জয়া জানান, ইরানি এই সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পাই মুমিত আল রশিদের মাধ্যমে। এরপর নির্মাতার সঙ্গে কথা হয়, গল্প সম্পর্কে বিস্তারিত জেনে সিনেমাটি করতে সম্মত হই। ভিন্নভাষী নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, ‘খুব ইন্টারেস্টিং প্রক্রিয়ায় আমরা সিনেমাটির শ্যুটিং করছি। নির্মাতাসহ কলাকুশলীরা তাদের নিজেদের ভাষা (ফারসি) ছাড়া কথা বলেন না। অথচ কী করতে হবে, না করতে হবে- সবই কিন্তু আমরা ঠিকঠাক বুঝে যাচ্ছি। এজন্যই বোধহয় বলে, সিনেমার নিজস্ব একটা ভাষা আছে!’ জয়া আরও বলেন, ‘ফেরেশতে’ দর্শককে নতুন কিছু উপহার দেবে। আমরা কিছু কাজ করি জীবনের জন্য, কখনো শিল্পের জন্য। আমি মনে করি, এই সিনেমা আমার জন্য বিশেষ হয়ে থাকবে। আমার প্রোফাইলে কিছু একটা যোগ করবে। ‘ফেরেশতে’ কোথায় মুক্তি পাবে? এমন প্রশ্নে নির্মাতা জানান, প্রথমে সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। বিশেষ করে ইরানের নামকরা উৎসব ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ নির্মাতার প্রধান টার্গেট। এরপর দুই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।