মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
মফস্বল শহরে বাড়ি বাড়ি ঘুরে বিয়ের ভিডিও করে নিয়ামুল। এটাই তার পেশা। একদিন কোনো এক বিয়েতে ভিডিও করতে গিয়ে দেখা হয় মায়াময় আফিয়ার সাথে। আফিয়া কাজ করে বিউটি পার্লারে।
তারপর অন্য প্রেমের গল্পের মতোই আফিয়া-নিয়ামুলের প্রেমের গল্প চলে।
কিন্তু এ গল্পে বাদ সাধে শারীরিক সৌন্দর্য! তবে কি নিয়ামুলের পাওয়া হয় না আফিয়াকে? শারীরিক সৌন্দর্য কি বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমে? কে-ই বা শারীরিকভাবে অসুন্দর? ভালোবাসার চেয়ে সুন্দর কিছু কি আছে? মানসিক সৌন্দর্যে কে কার কাছে হার মানে? প্রশ্নগুলোর উত্তর মিলবে ‘শেষ বিকেল’ গল্পের চিত্রনাট্যে। নাটকের গল্প লিখেছেন আহমেদ তাওকীর। পরিচালনা করেছেন হাসান রেজাউল।
নাটকে নিয়ামুল চরিত্রে ফারহান আহমেদ জোভান অভিনয় করেছেন আর আফিয়ার চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। এ ছাড়া অভিনয় করেছেন আশরাফুল আশিষ, মাহবুবুর রহমানসহ অনেকে।
নাটকের গল্পের ভেতরের গল্প বলতে গিয়ে রচয়িতা আহমেদ তাওকীর বলেন, ‘মফস্বল শহর কিংবা পৌরভাকেন্দ্রিক শহরগুলোতে মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তের আড়ালে লুকিয়ে থাকে অনেক গল্প। সেই সব মসৃণ গল্প সমাজের নিয়মেই অমসৃণ হয়ে যায়। এমনই একটি গল্প নিয়ে লিখেছি নাটকটি। মনে হয় দর্শকরা অন্তর্নিহিত গল্পটি বুঝতে পারবেন। ’
এই ঈদে নাটকটি বেসরকারি কোনো একটি চ্যানেল প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।