মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
জনপ্রিয় পপস্টার ফেরদৌস ওয়াহিদ ছেলে হাবিব ওয়াহিদের সুরে ১৫টির মতো গানে কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ দুই বছর আগে একটি কোম্পানির থিম সং-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি। এবার ঈদ উপলক্ষে হাবিবের সুরে একটি নতুন গানে কণ্ঠ দিলেন ফেরদৌস ওয়াহিদ। গানের শিরোনাম ‘নীল শাড়ি’। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। এ গানটি হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘হঠাৎ করে হাবিব স্টুডিওতে ডেকে গানটি শুনিয়ে বলল ভয়েস দাও। মনে হলো সেই সত্তর দশকের ওয়েস্টার্ন মিউজিকে গানটি গাইলাম! এমন গানে কণ্ঠ দেওয়ার পর মন খুশিতে ভরে যায়। এ যেন ছেলের কাছ থেকে ঈদের উপহার।’ এই গানটি ছাড়াও ঈদে প্রকাশ হচ্ছে তার নতুন আরেকটি গান। ‘দুদিনেরই দুনিয়া’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ডা. রাতিম। সংগীতায়োজন করেছেন মোশাররফ আজমী। এর ভিডিও পরিচালনা করছেন শিল্পী নিজেই। এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘অসম্ভব মিষ্টি কথার গান এটি। সুরের কাজটিও হয়েছে আমার মনমতো। আজমীর সংগীতায়োজনও ভালো করেছে। বিভিন্ন আয়োজন ও উৎসবে এ ধরনের গানের আলাদা আবেদন রয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ গান গাওয়ার পাশাপাশি নির্মাতা হিসাবেও কাজের অভিজ্ঞতা আছে এ সংগীতশিল্পীর। বক্তব্যনির্ভর আটটি ভিডিওচিত্র এরই মধ্যে নির্মাণ করেছেন। এগুলো ঈদের পরপরই ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।