মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
পৃথিবীর অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কানের এবারের আসরে বাংলাদেশের একটিমাত্র সিনেমা দেখানো হচ্ছে। সেটি নুহাশ হুমায়ূন পরিচালিত শর্টফিল্ম ‘মশারি’। উৎসব থেকে তিনি আমন্ত্রণ পেলেও অন্য কাজের জন্য সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। তবে বাংলাদেশের আরও কয়েকজন তারকা নিজ উদ্যোগে যাচ্ছেন এবারের কান চলচ্চিত্র উৎসবে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’র সিনেমার ট্রেইলার প্রদর্শিত হবে। সে উপলক্ষেই আজ ঢাকা থেকে ফ্রান্সের উদ্দেশে রওনা দেবেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আগামী ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে ‘মুজিব’-এর ট্রেইলার প্রদর্শিত হবে। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘এই প্রথম আমার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া। এটা একটা স্বপ্নের মতো। আমার জন্য অনেক বড় সম্মান শুধু নয়, পুরো দেশের জন্য সম্মানের। আমার এই সম্মান আমার ভক্ত এবং সব বাংলাদেশির সঙ্গে ভাগ করে নিচ্ছি, যারা আমাকে আরিফিন শুভ বানিয়েছেন।’ আরিফিন শুভর সঙ্গে কানে যাওয়ার কথা আছে ‘মুজিব’ সিনেমার অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের।
এর বাইরে ইতিমধ্যে ফ্রান্সে পৌঁছে গেছেন তারকাদম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এক ভিডিওবার্তায় তারা বলেন, ‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী -দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব। আমাদের ‘দিন -দ্য ডে’ সিনেমা ঈদুল আজহায় মুক্তি পাবে। ছবিটি নিয়ে আমাদের অনেক আশা। সবাই সিনেমাটি দেখবেন। সিনেমাটির জন্য আমরা বিভিন্ন জেলায় যাব।’ ৭৫তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আজ। ১২ দিনের এই আয়োজনের পর্দা নামবে ২৮ মে।