মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাপ পুণ্য’ অবশেষে আলোর মুখ দেখছে। আগামী ২০ মে মুক্তি পেতে চলেছে তারকাবহুল ছবিটি। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শাহনাজ সুমি, ফারজানা চুমকীসহ আরও অনেকে। অনেক আগে নির্মাণ কাজ শেষ হলেও ছবিটি করোনার জন্য মুক্তিতে বাধাপ্রাপ্ত হয়। তবে দেরি হলেও সুখবর নিয়ে হাজির হলো ছবিটি। একইসঙ্গে দেশে ও বিদেশে ছবিটি মুক্তি পাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রের নতুন এক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ছবিটি। ‘পাপ পুণ্য’ বাংলাদেশের প্রথম সিনেমা, যা প্রথমবারের মতো দেশের বাইরের শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। উত্তর আমেরিকার ১১২টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত সিনেমাটি। এরই মধ্যে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো প্রকাশ করেছে ‘পাপ পুণ্য’র থিয়েটার লিস্ট। কানাডার পাঁচটি প্রভিন্সের আটটি শহর এবং আমেরিকার ২৫টি স্টেটের শতাধিক শহরের দর্শক উপভোগ করতে পারবেন ছবিটি। শিগগির বাংলাদেশের হল লিস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা সেলিম। গতকাল দুপুরে চ্যানেল আইয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান সিনেমা সংশ্লিষ্টরা।
মনপুরা, স্বপ্নজাল, গুণিনের পর পাপ পুণ্য গিয়াস উদ্দিন সেলিমের চতুর্থ ছবি। জনপ্রিয় এ পরিচালক বলেন, ‘সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে, পরিচালক হিসেবে এটা আমার জন্য অনেক আনন্দের। এটা মূল ধারার সিনেমা, সব শ্রেণির মানুষের জন্য। এটি কোনো কমিউনিটি শো না। চলচ্চিত্রের এই দুর্দিনে এমন ছবির দরকার যা পাপ-পুণ্যের মতো। আগের ছবিগুলোর চেয়ে এটি সম্পূর্ণ ভিন্নভাবে বানানো হয়েছে।’
গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবিতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। দারুণ ব্যবসাসফল ছবিটির পর সেলিম আরও দুটি ছবি নির্মাণ করলেও ছিলেন না চঞ্চল। দীর্ঘ ১৩ বছর পর আবার সেলিম-চঞ্চল এক হয়েছেন ‘পাপ পুণ্য’ ছবিতে। ২০ মে বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে এত হলে নিজের ছবি মুক্তির খবরটি জেনে মহাখুশি চঞ্চল। তিনি বলেন, ‘উত্তর আমেরিকার দর্শকদের জন্য আমার অনেক ভালোবাসা জমে আছে। এর আগে সেখানে ‘আয়নাবাজি’ ও ‘দেবী’ ছবি দুটি বড় সফলতা পেয়েছিল। এবার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো কানাডা ও আমেরিকার ১১২টি থিয়েটারে ‘পাপ পুণ্য’ মুক্তি দিচ্ছে। হল লিস্ট দেখে মনটা ভরে গেছে। ভালো লাগছে এই ভেবে, কানাডা ও আমেরিকার ১২ লাখ বাংলাদেশি চাইলেই কাছের থিয়েটারে দেশের সিনেমা উপভোগ করতে পারবেন।’ প্রিয় নির্মাতার কাজের প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘সেলিম ভাইয়ের চলচ্চিত্রের আলাদা ভাষা আছে। তাতে আমাদের নিজস্ব সংস্কৃতি, জীবনধারা, রূপ ও রস উঠে আসে। এমন নান্দনিক নির্মাতার কাজের ক্ষেত্রে উৎসাহ আরও বেড়ে যায়। পাপ পুণ্যর গল্প শোনার পর থেকেই আমি কাজটির ব্যাপারে আশাবাদী হই। এখনই ছবির গল্প বা চরিত্র নিয়ে কিছু বলতে চাই না। দর্শকদের বলব, আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন। আশা করি, বিরক্ত হবেন না।’
ঈদে মুক্তি পাওয়া সিয়াম আহমেদের সিনেমা ‘শান’ ভালো ব্যবসা করছে। মাত্র তিন সপ্তাহের মাথায় নতুন ছবি নিয়ে তিনি প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। বিষয়টিকে তিনি বললেন, ঈদের পর ঈদের খুশি! এই নায়কের ভাষ্য, ‘পাপ পুণ্য সিনেমাটি আমাদের কাছে স্পেশাল হওয়ার বেশকিছু কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ এর গল্প। দর্শক হলে না গেলে এ গল্প জানতে পারবেন না। যে ধরনের গল্প আমাদের দর্শক পরিবার নিয়ে দেখতে চান গল্পটা সে রকম। নারী দর্শকদের এ গল্প খুব ভালো লাগবে বলে আশা করি। আমি বারবার বলি, নারী দর্শককে হলে ফিরিয়ে আনতে হবে। সব বয়সের সব ধরনের দর্শকের জন্য সিনেমাটি। গিয়াস উদ্দিন সেলিম ও চঞ্চল চৌধুরী মনপুরার পর আবার একসঙ্গে সিনেমায় কাজ করলেন। একজন দর্শক হিসেবে সিনেমাটি নিয়ে আমারও প্রত্যাশা অনেক। পাপ পুণ্য সিনেমাটিতে দর্শক টানার মতো অনেক কিছু রয়েছে, যেটা দেখতে হলে দর্শককে হলে আসতে হবে। আমার মনে হয়, গান থেকে শুরু করে পাপ পুণ্যর সবকিছু এমনভাবে করা হয়েছে যে সিনেমা হলে মানুষ যখন গল্পের মধ্যে একবার ঢুকে যাবে তারা একবারে গল্পটা শেষ করেই বের হবে।’