মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
বিগত এক দশক ধরে টিভি অনুষ্ঠানের নাচের জগতে শীর্ষস্থানে রয়েছেন কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। অল্প কিছু সিনেমায় নৃত্য পরিচালনা করলেও মানসম্মত কাজের জন্য এরইমধ্যে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর তারকাদের নিয়ে সারা দেশের স্টেজ তো তার নাচেই মাতিয়ে রাখেন। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি। চ্যানেল নাইনে সোহাগের কোরিওগ্রাফিতে এবার টানা সাত দিনের ঈদের নৃত্যানুষ্ঠান প্রচারিত হয়। সেখানে দেশের শীর্ষ তারকারা নৃত্য পরিবেশন করেন। নাচগুলো দর্শক খুব পছন্দ করেছে। বিশেষ করে দেশের শীর্ষ মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের জন্য সোহাগ যে নাচটি পরিচালনা করেছেন সেটি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে। সোহাগ বলেন, ‘আমি বরাবরই যুগের সঙ্গে তাল মিলিয়ে নাচের কোরিওগ্রাফি করি। সেই সঙ্গে গান, পোশাক, মেকাপ, জুয়েলারি, সেট, প্রপস সবকিছুতেই ট্রেন্ডি ভাব রাখি। এগুলোই দর্শক বেশি পছন্দ করে। তাদের জন্যই তো কাজ করি। তারা ভালোবাসা আর গ্রহণযোগ্যতা পেতে থাকলে আরও অনেক বছর এভাবেই ব্যস্ততার সঙ্গে কাজ করে যেতে পারব বলে আশা করি।’ তিনি আরও বলেন, ‘আমি নিজেও চাই, যারা প্রকৃত নৃত্যশিল্পী তাদের দিয়েই নাচ করাতে। এতে আমার কোরিওগ্রাফিও চমৎকারভাবে ফুটে ওঠে। কিন্তু আয়োজকরাই এখন জনপ্রিয় তারকাদের নিয়ে কাজ করতে চান। যাদের কেউ কেউ সেভাবে নাচ জানে না। তাই সব সময় সব নাচ মনমতো হয় না। কিন্তু যখন মৌ আপার মতো গুণী শিল্পী পাই তখন মনের মাধুরী মিশিয়ে কাজ করি। এজন্যই এবার ঈদে তার নাচটিই সবচেয়ে সাড়া ফেলেছে।’ সোহাগ সর্বশেষ কোরিওগ্রাফি করেছেন গত শুক্রবার অনুষ্ঠিত মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য সিয়াম ও মিম, আফরান নিশো, মেহজাবীন, তানজিন তিশা ও সাবিলা নূরের নাচ।