মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আন্তর্জাতিক মহলেও বেশ পরিচিত। আন্তর্জাতিক নানা ফিল্ম ফেস্টিভ্যালে তার ছবি প্রদর্শিত হয়। আন্তর্জাতিক নানা সম্মানেও তিনি ভূষিত। ফারুকী এবার বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সিডনি চলচ্চিত্র উৎসবে। এই উৎসবে বিচারকদের নেতৃত্ব দেবেন অভিনেতা এবং নির্মাতা ডেভিড ওয়েনহাম। ৮ থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই উৎসব। গতকাল মঙ্গলবার উৎসবের বিচারকদের তালিকা প্রকাশ করেছে সিডনি চলচ্চিত্র উৎসব
কর্র্তৃপক্ষ। এ বছর বিচারকের ভূমিকায় আরও থাকছেন লেখক ও নির্মাতা জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার জয়ী লেখক-নির্মাতা-প্রযোজক সেমিহ কাপ্লানোগলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়ান ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক ইউকা সাকানো (জাপান)।
এশিয়ার চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অস্ট্রেলিয়ার বড় চলচ্চিত্র উৎসবগুলোর একটি হলো সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে প্রতিযোগিতা বিভাগে এক ডজন ছবি ছাড়াও অন্যান্য বিভাগে ৬৪ দেশ থেকে থাকছে দুইশোর মতো সিনেমা। তার মধ্যে আছে ফারুকীর আলোচিত ছবি ‘নো ল্যান্ডস ম্যান’।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়ার অনুভূতি জানিয়ে ফারুকী বলেন, ‘অনুভূতি অনেক ভালো। যেকোনো প্রথমসারির ফেস্টিভ্যালে জুরির কাজ করতে গেলে অনেকগুলো ভালো ছবি দেখতে হয়, ভালো ছবিগুলো নিয়ে জুরি কলিগদের সঙ্গে ডিসকাসন করা হয়। ফলে একটা সিনেমার ঘোরের মধ্যেই ১৫-২০ দিন কাটে। এটা ফিল্ম মেকার হিসেবে অনেক আনন্দের একটা বিষয়। কারণ, ছবি দেখেই সময়টা কাটবে এবং ছবিগুলোও ভালো। এই কম্পিটিশনে ১২টা ছবি আছে, এর মধ্যে বেশকিছু ছবি কানেও প্রদর্শিত হয়েছে। কয়েকটা ছবি বার্লিন থেকে গেছে। তো খুবই গুরুত্বপূর্ণ ছবিগুলো আছে। সাধারণভাবে নরমাল ফেস্টিভ্যালগুলোতে গেলে অনেক আজেবাজে ছবিও দেখতে হয়। এখানে সেই যন্ত্রণাটা হবে না। তবে এখানে অবশ্য অন্য যন্ত্রণা হবে সেটা হচ্ছে, এতগুলো ভালো ছবির মধ্যে একটা ছবিকে বেছে নেওয়া অনেক কঠিন একটা কাজ। সেই কাজটাই করতে হবে সবাই মিলে।’
সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ঘুরে এসেছেন ফারুকী। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি কানে ফিল্ম মেকার হিসেবে যাইনি। আমি কানে গিয়েছি আমার বাচ্চাকে টেককেয়ার করার জন্য। আমার স্ত্রী তিশা ‘মুজিব’ সিনেমায় কাজ করেছেন। সিনেমাটির ট্রেইলার প্রদর্শিত হয়েছে কানে। সেই অনুষ্ঠানে যোগ দিতে তিনি গিয়েছেন, সঙ্গে আমাদের চার মাসের বাচ্চাও গিয়েছে। যেহেতু আমাদের বাচ্চা একেবারেই ছোট তাই বাচ্চাকে টেককেয়ার করার জন্য আমি গিয়েছি। তারপরও যদি বলেন, যেহেতু কানে গিয়েছি, অনেকেই জেনেছে। ফলে অনেকের সঙ্গেই দেখা হয়েছে, লাঞ্চ বা ডিনার হয়েছে। একসঙ্গে আড্ডা হয়েছে। তবে এসব আড্ডা কেবলই ব্যক্তিগত বন্ধুত্বের জায়গা থেকে আড্ডা ছিল। কাজের জন্য আড্ডা
ছিল না।’ কবে নাগাদ মুক্তি পাবে ‘নো ল্যান্ডস ম্যান’ জানতে চাইলে তিনি বলেন, আমরা কাজ করছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য, এখন দেখা যাক। কখন কোথায় কীভাবে মুক্তি দেওয়া যায় সেসব নিয়ে কাজ করছি। শিগগিরই জানাতে পারব।’
এদিকে নিজের সাম্প্রতিক ব্যস্ততা নিয়েও কথা বললেন তিনি, ‘এই মুহূর্তে বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত সময় পার করছি। আর সামনে ওটিটির জন্য কিছু কাজ করব, সেগুলোর কাজও গোছাচ্ছি।’ সিডনি উৎসবে ১৬ ও ১৯ জুন দর্শকরা দেখতে পারবেন ‘নো ল্যান্ডস ম্যান’। ১৬ জুন স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে জর্জ স্ট্রিটের ৩ নম্বর সিনেমা হলে এবং ১৯ জুন রাত ৮টায় প্যালেস সেন্ট্রাল সিনেমা হলে অগ্রিম টিকিট কেটে সিনেমাটি দেখতে পারবেন দর্শক। এর আগে গত ফেব্রুয়ারিতে ২৮তম ভেসুল চলচ্চিত্র উৎসবে দেখানো হয় মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’। শুধু তাই নয়, উৎসবে দর্শক পছন্দে সেরা ছবিও নির্বাচিত হয় এটি।