সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সাম্প্রতিক সময়ে ঢাকার শোবিজ তারকাদের অনেকেই বিদেশের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। কেউ বিদেশ ভ্রমণ সেরে দেশে ফিরেছেন, কেউবা আবার বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। হুট করে তারকাদের এই বিদেশ ভ্রমণের হিড়িক কেন? খোঁজ নিয়ে জানা গেল, বেশির ভাগ তারকাই পেশাগত কারণে বিদেশে যাচ্ছেন। একের পর এক তারকা দেশ ছাড়ার কারণ হিসেবে পাওয়া গেল ইতিবাচক তথ্য। করোনার কারণে প্রায় আড়াই বছর মানুষ নিজের মধ্যেই আবদ্ধ ছিল। এ সময় বিনোদনভিত্তিক অনুষ্ঠান তো দূরের কথা, সামাজিক আয়োজনও সেভাবে হয়নি। তাইতো তারকারাও দেশের মাটিতেই নিজেদের মতো করে কাজ করেছেন। বেশ কয়েক মাস করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হওয়ায় বিভিন্ন আয়োজন সংগঠনগুলো অনুষ্ঠানের পরিকল্পনা সাজায়। বলতে গেলে দুই বছরের জমানো অনুষ্ঠানগুলো একের পর এক আয়োজিত হচ্ছে। দেশের পাশাপাশি বিদেশেও বেশকিছু আয়োজন হচ্ছে। আর তাতে অংশ নিতেই ঢাকার তারকারা পাড়ি দিচ্ছেন বিভিন্ন দেশে।
সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শাহনাজ খুশী, নাদিয়া আহমেদ, চিত্রনায়ক নিরবসহ অনেকেই পাড়ি দিয়েছেন আমেরিকায়। যেখান থেকে তারা প্রকাশ করছেন একের পর এক নতুন ছবি। গেল ২২ জুন অভিনেতা চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর পরদিন তিনি ফেইসবুকে শাহনাজ খুশীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অনেক বছর পর আমেরিকার পথে রওনা দিয়েছি। যাত্রা বিরতি দুবাই এয়ারপোর্টে। গন্তব্য ‘আনন্দমেলা, লস অ্যাঞ্জেলেস। তার কথায় স্পষ্ট, প্রবাসী বাঙালিদের আয়োজনে অনুষ্ঠিত ‘আনন্দমেলা’য় অংশ নিতে তারা পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এদিকে, অভিনেত্রী শাহনাজ খুশীও ফেইসবুকে জানিয়েছেন, কভিডের দীর্ঘ বিরতির পর আবার আমেরিকা সফর। প্রবাসী বাঙালি ভাই-বোনদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দমেলা’। এতে অংশ নেওয়া এবং সম্মাননা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। জানা গেছে, করোনার কারণে গত দুই বছর ‘আনন্দমেলা’র আয়োজন সম্ভব হয়নি। গত শনি ও রবিবার লস অ্যাঞ্জেলেসের ভার্জিল মিডল স্কুলে অনুষ্ঠিত হয় ‘আনন্দমেলা’। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস। এতে চঞ্চল, খুশী ছাড়াও অংশ নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান, নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ, তমা মির্জা, প্রিয়া ডায়েস, আবু হেনা রনিসহ অনেকে। আমেরিকার অঙ্গরাজ্য লসঅ্যাঞ্জেলেসে প্রবাসী বাঙালিদের এ আয়োজনে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ ও শাহনাজ খুশী। লস অ্যাঞ্জেলেসের সিটি মেয়র অ্যারিক গিরসিটির কাছ থেকে চঞ্চল চৌধুরী ও শাহানাজ খুশী অভিনয়ে এবং নাদিয়া আহমেদ নাচের জন্য এ সম্মাননা গ্রহণ করেন। এ প্রসঙ্গে আমেরিকা থেকে মোবাইল ফোনে চঞ্চল চৌধুরী বলেন, ‘নিঃসন্দেহে এটি অনেক সম্মানজনক একটি স্বীকৃতি। দেশের বাইরে প্রবাসী বাঙালিদের নিমন্ত্রণে এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে এবং সম্মাননা পেয়ে ভীষণ ভালো লাগছে।’ নাদিয়া আহমেদ বলেন, ‘দেশের বাইরে এ সম্মাননায় ভূষিত হওয়া অনেক গর্বের এবং ভালোলাগার।’ চঞ্চল চৌধুরী জানান, আগামী ৭ জুলাই খুশীকে নিয়ে দেশে ফিরবেন তিনি। তবে নাদিয়া সেখানে অবস্থানরত বাবা-মায়ের সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করে তারপর দেশে ফিরবেন।
এর কদিন আগেই লোকনাট্যদলের বড় একটি দলসহ ঢাকা ত্যাগ করেন লিয়াকত আলী লাকী। তার সেই দলের সদস্য হিসেবে রয়েছেন ছোটপর্দায় পরিচিত দুই মুখ ফারহানা মিলি ও শামিমা তুষ্টি। আমেরিকান অ্যাসোসিয়েশন অব কমিউনিটি থিয়েটার (এএসিটি) আয়োজিত নাট্যোৎসবে মঞ্চায়িত হয়েছে এই দলের নাটক ‘তপস্বী ও তরঙ্গিণী’। আগামী ২২ থেকে ২৬ জুন দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক নাট্যোৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ জুন সন্ধ্যায় প্রদর্শিত হয় ‘তপস্বী ও তরঙ্গিণী’। বুদ্ধদেব বসু রচিত এ নাটকটি নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। নাটকটি দুটি বিশেষ পুরস্কারও জয় করেছে। ফারহানা মিলি বলেন, ‘মঞ্চনাটক করছি একবারে ছোটবেলা থেকে। তাই বিরতি নিলেও বারবার ফিরে আসি এ অঙ্গনে। এবারের আমেরিকা সফরটি তাই বেশ গুরুত্বপূর্ণ আমার কাছে।’
এদিকে, ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় গায়ক ইমরান, সিথি সাহা ও ঝিলিক। আর ইউরোপের একাধিক দেশে সফরের প্রস্তুতি নিচ্ছেন নগরবাউল জেমস।