সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ঈদের আয়োজনে আমাদের দেশে সর্বশেষ সংযোজন ছোটপর্দার সিনেমা বা সিরিজ। এবারও কয়েকটি টেলিভিশন সিনেমা আর ওয়েব সিরিজ মুক্তি পাবে। তার মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে চরকির কনটেন্ট ‘সিন্ডিকেট’। এতে অভিনয় করেছেন এ সময়ের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেতা আফরান নিশো। শিহাব শাহীনের মনস্তাত্ত্বিক রহস্যময় এই থ্রিলারে আরও রয়েছেন নাজিফা তুষি ও তাসনিয়া ফারিণ। নিশোকে দেখা যাচ্ছে মাথায় ছোট চুল, খোঁচা খোঁচা দাড়ি। চোখ দুটি ঘোলাটে। কখনো তিনি প্রেমিক কবি, কখনো বসে আছেন থানায় পুলিশের সামনে। সিরিজে তুষির সঙ্গে তার প্রেম। তবে ফারিণের সঙ্গে সম্পর্কটা কী, সেই রহস্যটা এখনো রহস্য! নিশো বলেন, ‘সিন্ডিকেট’-এ আসছি অ্যাসপারগার সিনড্রোমে আক্রান্ত এক তরুণের চরিত্রে। এ রোগে ভোগা মানুষ সমাজ, মানুষজন থেকে দূরত্ব বজায় রেখে চলে। এমনই এক ইনট্রোভার্ট যুবক আদনান যখন জিসা নামের তরুণীর প্রেমে পড়ে, সেই প্রেম দেখার মতোই হবে। যেভাবে মানুষ স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, আদনান সেভাবে বেড়ে ওঠেনি। তবে ‘সিন্ডিকেট’ শুধু প্রেমের গল্প নয়; ক্রাইম, রহস্য উদঘাটনের বিষয়ও আছে। তুষির সঙ্গে প্রথমবার অভিনয় করলাম এখানে।’ তুষি বলেন, ‘এ কাজটি নিয়ে এখন থেকেই আশাবাদী হয়ে উঠেছি। কারণ এর টিজার প্রকাশের পরই দর্শকের যে পরিমাণ সাড়া পাচ্ছি, তাতে বলাই যায়, এ কাজ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। একেবারেই নতুন একটি টিমের সঙ্গে কাজ করেছিলাম। শিহাব শাহিনের মতো জনপ্রিয় নির্মাতার সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। আফরান নিশোকেও সহশিল্পী হিসেবে প্রথম পেলাম।’
ঈদে দীপ্ত টিভির পর্দা মাতাতে আবারও জুটি বেঁধে আসছেন জনপ্রিয় দুই তারকা অপূর্ব ও নুসরাত ফারিয়া। ‘আইকন-ম্যান’ নামের ছবিটি পরিচালনা করেছেন ছোটপর্দার মেধাবী নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এবারই প্রথম টেলিভিশনে অভিনয় করতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। তাই কাজটি নিয়ে ভক্তদের মধ্যে অন্যরকম আগ্রহ দেখা যাচ্ছে। নির্মাতা জানান, ঈদের তৃতীয় দিন বিকেল ৪টায় দীপ্ত টিভিতে প্রচার হবে। ছোটপর্দায় নিজের আত্মপ্রকাশ নিয়ে ফারিয়া বলেন, ‘আমি ছোটপর্দার মতো করে দেখছি না কাজটিকে। কারণ এই সিনেমাটি যেভাবে নির্মিত হয়েছে তা কোনো অংশে একটি বড়পর্দার সিনেমার চেয়ে কম নয়। আমি তো বলব, সেন্সর ছাড়পত্র নিয়ে এটি দিব্যি সিনেমা হলেও মুক্তি দেওয়া যায়!’ ‘আইকন-ম্যান’ নিয়ে ফারিয়া বলেন, ‘প্রথমবার সঞ্জয় সমদ্দারের সঙ্গ কাজ করলাম। দারুণ মেধাবী একজন নির্মাতা। আর অপূর্বর সঙ্গে এর আগে ওটিটির জন্য একটি সিনেমা করেছিলাম শিহাব শাহিনের পরিচালনায়। সেটি দর্শক বেশ পছন্দ করেছিলেন। তবে এবারের কাজটি একেবারেই আলাদা। ছবির যেটি সবচেয়ে ভালো লেগেছে তা হলোÑ এতে দারুণ একটি গল্প যেমন আছে, তেমনি আছে প্রেম, ভালোবাসা, থ্রিল, সামাজিক মেসেজÑ সব। এটি নির্মিত হয়েছে একটি সমসাময়িক সামাজিক ইস্যু নিয়ে। আমাদের সমাজে সরকারি চাকরি পেতে অনেকে সর্বস্ব খুইয়ে টাকা দেন এবং সেই টাকা কোথায় কীভাবে ঘোরে, আর চাকরি না পেয়ে হতদরিদ্র মানুষের কী পরিণতি তা দেখা যাবে।’
কলকাতার হইচইয়ে মুক্তি পাচ্ছে বাংলাদেশের নির্মাতা ও তারকাদের নিয়ে ‘কাইজার’ নামের একটি ওয়েব সিরিজ। এতে আফরান নিশোর চরিত্রের নাম ‘কাইজার’। ব্যক্তিগত জীবনে সে বিপর্যস্ত, বদমেজাজি এবং ভিডিও গেমে আসক্ত। সে প্রথম শ্রেণির ডিটেকটিভ, কিন্তু রক্ত দেখলেই ভয় পায়। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। আরও আছেন দীপান্বিতা মার্টিন, মোস্তাফিজুর নূর ইমরান প্রমুখ।