সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নির্মাণে বছরজুড়ে ব্যস্ততা থাকে মাবরুর রশিদ বান্নাহর। সেই ধারাবাহিকতায় বরাবরের মতো এবারও ভিন্ন ভিন্ন কনটেন্ট নিয়ে হাজির হন জনপ্রিয় এ নির্মাতা। ঈদুল আজহায়ও বান্নাহর পরিচালনায় নির্মিত হয়েছে সাতটি থর্টফিল্ম, পাঁচটি নাটক ও ওটিটির কাজ।
এসব কাজ নিয়ে বান্নাহ জানালেন, এমকে প্রডাকশনের ব্যানারে নির্মাণ করেছেন ৭টি থটফিল্ম।
এ ছাড়া বান্নাহর নাটকের মধ্যে রয়েছে ফারহান-কেয়া পায়েলের ‘আমি মধ্যবিত্ত বলছি’, জোভান-মাহির ‘মানুষ টোকাই’, ’ড্রেসআপ সেন্স নাই’, সজলের ‘আদব বেয়াদব’, নীলয় আলমগীরের ‘সাইট ক্যারেকটার’, শামীম হাসান সরকারের ‘টিচিং নাকি চিটিং’, ‘বাবা তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাব’, জায়ের আলভি নিয়ে এসেছেন ‘এক্সপোজস্ট’, নীলয় আলমগীর-ইভানার ‘ছেলেটির মুখ খারাপ’।
দেশে ইউটিউব জনপ্রিয় হওয়ার প্রথম দিকে (২০১৬ সাল) প্রথম থটফিল্ম তৈরি করেছিলেন বান্নাহ। নতুন আইডিয়ায় সেসব কাজ দর্শক পছন্দ করেছিল। নতুন করে ফের নির্মাণ প্রসঙ্গে বান্নাহ বলেন, প্রতিটি গল্পে ভিন্ন ভিন্ন বার্তা আছে। যে ইতিবাচক বার্তাগুলো নাটকের মাধ্যমে বলা হয় না, সেগুলো থটফিল্ম নাম দেওয়া হয়েছে। সাতটি সাহসী গল্পের সাহসী নির্মাণ।
সাতটি গল্পে সাত রকম বার্তা দেওয়ার চেষ্টা করেছেন বান্নাহ। তার কথা, যে কনসেপ্ট কেউ বলতে সাহস পায় না, সেগুলো বানিয়েছি। কোনোটি কাঁদাবে, কোনোটি দর্শকদের ধাক্কা দেবে। সব মিলিয়ে গল্পগুলো দর্শকদের ভাবাবে, তাই এ জন্য নাম দেওয়া থর্ট।
বান্নাহর বানানো সিঙ্গেল সিন স্টোরি ‘ত্রিপল এস’ আসছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। বান্নাহ জানান, এগুলো ওটিটির জন্য বানানো কাজ না। তিনটি কনটেন্ট গেল ঈদে ফেসবুক ও ইউটিউবে উন্মুক্তের পর বঙ্গ থেকে আরো কিছু কনটেন্ট চায়। সব মিলিয়ে নতুন করে নিয়ে ১৪টি শর্টফিল্ম বানানো হয়েছে।
সায়েন্সফিকশন, এন্থলজি, হরর, ফ্যান্টাসি, রোমান্স, ফ্যামিলি-সোশ্যাল- ইমোশনাল- ইয়ুথ ড্রামা, ডার্ক ড্রামা, থ্রিলারসহ বিভিন্ন জনরায় এক্সপেরিমেন্ট শর্টফিল্ম তৈরি করেন বান্নাহ। তিনি বলেন, কাজগুলো আমি বানিয়েছি, ওটিটি পছন্দ করে নিয়েছে। তাই ওটিটির জন্য আমার ডেবু প্রজেক্ট না।
তবে ইউটিউব, টিভি, ওটিটি সব মাধ্যম মিলিয়ে ১৫টির মতো কনটেন্ট থাকছে ‘মায়ের ডাক’খ্যাত এই নির্মাতার। বললেন, এবার সব মাধ্যমের দর্শকরা আমার কাজগুলো দেখতে পাচ্ছেন। টিভিতে প্রচারের কয়েক দিন পর কাজগুলো ইউটিউবে যাবে। এবার বেশ কিছু সাহসী কাজ করেছি। এর সঙ্গে কিছু ইমোশনাল কাজ করেছি, যেগুলো দর্শকরা আমার কাছে চায়।
বান্নাহ বলেন, কিছু কাজ করতে পারিনি, তাই মানসিক অপূর্ণতা আছে। যেগুলো শিগগির শুরু করব। ওটিটির কাজ নিয়ে সিরিয়াস হচ্ছি। কয়েকটি কাজের জন্য কথা হয়ে আছে। সিনেমা নিয়ে আলাপ করা আছে। সব কিছু ঠিক থাকলে এবার শুরু করব।