সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর নতুন ছবি ‘নূর’। শ্যুটিং-এডিটিং শেষ করে ছবিটি জমা পড়েছিল সেন্সর বোর্ডে। এরই মধ্যে বোর্ডের সদস্যরা ছবিটি দেখেও ফেলেছেন। তবে এটিকে ছাড়পত্র দিতে রাজি নন তারা। দিয়েছেন সংশোধন। সংশোধন এলেই মিলবে সেন্সর থেকে মুক্তির অনুমতি। সেন্সর বোর্ড সূত্রে আজ ২৪ জুলাই জানা গেল, ‘নূর’ সিনেমাটি গত সপ্তাহে সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন। কিন্তু সিনেমাটিকে সেন্সর দেওয়া হয়নি। একটা অংশে সংশোধন দিয়েছেন তারা। সংশোধন এলেই সিনেমাটি ছাড়পত্র পাবে। ছবিতে সংশোধনের বিষয়টি সিনেমা-সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের পক্ষ থেকে। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন অভিনেতা আরিফিন শুভ। আর সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। পরিচালনা করেছেন ‘পোড়ামন ২’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। পরিচালক রায়হান রাফি বলেন, ‘আমিও শুনেছি নূর সিনেমায় কিছু সংশোধনের জন্য বলেছে সেন্সর বোর্ড। কিন্তু অফিশিয়ালি আমার হাতে এখনো কোনো কাগজ আসেনি। তেমন কোনো দিকনির্দেশনা এলে অবশ্যই সেটা মেনে আবেদন করা হবে। আমরা সব সময় সেন্সর বোর্ডকে সম্মান জানাই। তাদের মূল্যায়নের প্রতি আমাদের আস্থা আছে।’ এ ছবিতে শুভর সঙ্গে দ্বিতীয়বার জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।