সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
গত চারদিন আগে অনেকটা নিভৃতেই প্রকাশ হয়ে গেল সুপারস্টার গায়ক-কম্পোজার হাবিব ওয়াহিদ, ‘নয়া দামান’খ্যাত গায়ক-কম্পোজার মুজা এবং জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখের ব্যয়বহুল মিউজিক ভিডিও ‘বেণী খুলে’। কিন্তু ভালো কাজ যে বেশিদিন আড়ালে থাকে না, সেটিই প্রমাণ করল এই গানটি। অল্প সময়েই প্রায় দুই মিলিয়ন ইউটিউব ভিউ হয়েছে গানটির। কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি দেখা যাচ্ছে। যদিও গানের ভিউ কখনো একটি গানের মানদন্ড নির্ণয় করতে পারে না। কিন্তু এই গানটি প্রকৃত অর্থেই দারুণ হয়েছে। যারাই গানটি শুনেছেন তারা প্রশংসা করছেন। এর কথা যেমন সহজ সরল, সুরও মনে দোলা দেওয়ার মতো। একসঙ্গে গানটি গেয়েছে হাবিব আর মুজা। গানের কথা লিখেছেন ফৌজিয়া সুলতানা ও মুজা। মজার বিষয় হলো গানটিতে তিনটি ভাষা শোনা যাচ্ছে। শুরুটা সিলেটের আঞ্চলিক ভাষায়, এরপর ইংরেজি ও প্রমিত বাংলায় গানটি লেখা। মিউজিক কম্পোজিশন করেছেন ফুয়াদ আল মুক্তাদির, আসেল আলী ও মুজা। গত ফেব্রুয়ারিতে মুজা যখন বাংলাদেশে আসেন তখনই ঢাকায় এর মিউজিক ভিডিও নির্মাণ করে গানটির প্রোডাকশন কোম্পানি কাইনেটিক মিউজিক। মুজা মূলত আমেরিকায় থাকেন। সেখান থেকে গানটি নিয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘এটা আমার ড্রিম প্রজেক্ট ছিল। কারণ আমি বহু বছর ধরে হাবিব ওয়াহিদের অনেক বড় ভক্ত। প্রায় পাঁচ বছর আগে যখন কাইনেটিক মিউজিকের নাফিজ ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তাকে হাবিব ভাইয়ের সঙ্গে একটি গান করার স্বপ্নের কথা তাকে বলি। পরে গত বছর এই গানটির অডিও নিয়ে কাজ করি ক্যালিফোর্নিয়ায়। ফুয়াদ ভাই আর রাসেল ভাই সেখানেই থাকেন। আমি মনে করি, বড় কিছু একটা করতে গেলে তাদের মতো প্রফেশনাল মানুষের সাহায্য দরকার। তারাও আমাকে দারুণভাবে সাহায্য করেছেন। পরে গানটির ট্র্যাক কাইনেটিককে পাঠাই। একদিন ইমেইলে দেখি আমার গানের সঙ্গে হাবিব ভাইয়ের ভয়েস। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এরপর তো ঢাকা এসে মিউজিক ভিডিও করার সময় তার সঙ্গে দেখা। ভিডিওতে দারুণ এফোর্ট দিয়েছেন হৃদি শেখ। আমি মনে করি তিনি বাংলাদেশের অন্যতম সেরা নৃত্যশিল্পী। যে ইনফ্লুয়েন্সারা ছিলেন, তারাও খুব ভালো করেছেন। দর্শকের সাড়া পেয়ে আমি রীতিমতো মুগ্ধ।’
হৃদি শেখ বলেন, ‘এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং একটি কাজ ছিল। কারণ হাবিব ওয়াহিদের মতো লেজেন্ডের সঙ্গে কাজটা যেন সেই মানের হয় তা নিয়ে একটা চাপ ছিল। আর মুজার সঙ্গে তো তার গাওয়া সেই ‘বন্ধু রে’ গানটি থেকে কাজ শুরু। আমার আর সিয়াম আহমেদের গানটি দারুণ সাড়া ফেলে। তবে বেণী খুলে আরও দারুণ কিছু। আমি দর্শকের যে পরিমাণ সাড়া পাচ্ছি বলে বোঝাতে পারব না।’