সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
মাস দু-এক আগে কলকাতার স্টেজে গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন ভারতের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর আগ পর্যন্ত এই শিল্পীর কোনো গান শোনা হয়নি বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের। কিছুদিন ধরে শুনছেন আর মুগ্ধতায় আচ্ছন্ন হচ্ছেন। জন্মেছে শিল্পীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাও। সেই শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই কেকের গাওয়া কোনো গান নিজের কণ্ঠে ধারণ করলেন আসিফ। গতকাল বুধবার গানটি প্রকাশিত হয়েছে। কেকের গাওয়া জনপ্রিয় গান ‘তু জো মিলা’ কণ্ঠে তুলেছেন আসিফ। এ গানের নতুন সংগীতায়োজন করেছেন জাবেদ আহমেদ। ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় ব্যবহৃত কাওসার মুনীরের লেখা ‘তু জো মিলা’ গানটির সংগীত পরিচালক ছিলেন প্রীতম। আসিফ আকবর বলেন, ‘দেশসেরা কম্পোজার মানাম আহমেদ ভাই আমাকে বহু দিন আগে কেকের কণ্ঠের কথা বলেছিলেন। নিজের ব্যস্ততায় খুব একটা গান শোনা হয়নি তার। তিনি মারা যাওয়ার পর গবেষণা শুরু করেছি। যতই শুনেছি, ততই মন্ত্রমুগ্ধ হয়েছি। কখনো হিন্দি গান রেকর্ড করিনি। জীবনে প্রথম তু জো মিলা গানটি গাইলাম। দ্য গ্রেট কেকে, বাংলাদেশ থেকে আপনার প্রতি আমার ক্ষুদ্র শ্রদ্ধার্ঘ্য।’