সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নীল দর্পণের প্রেরণায় নূপুরের ‘নীল ছায়া’

মঞ্চ, সিনেমা ও টেলিভিশনের গুণী অভিনেত্রী হিসেবে সমাদৃত নায়লা আজাদ নূপুর। তবে তিনি এখন অভিনয় খুব একটা করেন না। কিন্তু থেমে নেই তার শিল্পকলা। তিনি মঞ্চ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যদিও অভিনেত্রী হিসেবে নয়, তিনি এখন সবচেয়ে উপভোগ করছেন মঞ্চ নাটক নির্দেশনা। তার পরিচালনায় একের পর এক নতুন নাটক আসতে চলেছে মঞ্চে। তেমনি একটি নাটক ‘নীল ছায়া’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে আজ বেইলি রোডের মহিলা সমিতিতে নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। নাটকটি নিয়ে বিস্তারিত জানতে নির্দেশক নূপুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন অবাক করা এক তথ্য। সাধারণত একটি মঞ্চনাটক প্রস্তুত করতে থিয়েটারের দলগুলো কমপক্ষে তিন চার মাস সময় ব্যয় করে। কখনো কখনো সেই সময় আরও বিস্তৃত হয়। কিন্তু ‘নীল ছায়া’ নাকি মাত্র ১৯ দিনের ফসল! বিদেশি নাট্যকার বেন মাসগ্রেভের নাটক থেকে বাংলায় অনুবাদ করেছেন লীসা গাজী। প্রযোজনাও করেছেন তিনি। ‘নীল ছায়া’ মূলত দীনবন্ধু মিত্রের প্রথাভাঙা নাটক ‘নীল দর্পণ’ থেকে প্রাণিত। যার গল্প ঔপনিবেশিক ভারতকে তীব্রভাবে নাড়া দিয়েছিল। ‘নীল ছায়া’ ব্রিটিশ ইতিহাসের একটি বিস্মৃত মুহূর্ত আর বাংলা ইতিহাসের এমন একটি মুহূর্ত যা কখনো বিস্মৃত হবে না, এই দুই সময়কে পুনর্বিবেচনা করে। ব্রিটিশ এবং বাংলাদেশের শিল্পীদের মধ্যে চলমান কথোপকথনের নির্যাসে নাটকটি তৈরি হয়েছে।

নাটকটি করার পেছনের কারণ জানতে চাইলে নায়লা আজাদ নূপুর দেশ রূপান্তরকে বলেন, ‘আসলে এই গল্পটি না বলার কোনো উপায় নেই। যদিও আমি নিজ উদ্যোগে নাটকটি মঞ্চে আনছি না। এর প্রযোজনা সংস্থা কমলা কালেকটিভ থেকে যখন আমাকে এই গল্পটি করতে বলা হয় তখন আমি একবাক্যে রাজি হই। কারণ ব্রিটিশ শাসনের ইতিহাস কিন্তু আমাদের বর্তমান জেনারেশন সেভাবে জানে না। সেই ইতিহাস সম্পর্কে তাদের ধারণা দেওয়া অতীব গুরুত্বপূর্ণ মনে করেছি।’ ব্রিটিশ আমলের গল্প ২০২২ সালে কতটা প্রাসঙ্গিক, জানতে চাইলে নূপুর বলেন, ‘আমি তো বলব একশ নয়, এক হাজার শতাংশ প্রাসঙ্গিক। কারণ ব্রিটিশরা আমাদের ওপর যে অত্যাচার করেছিল সেই ট্রমা থেকে আজও বাঙালি জাতি মুক্ত হতে পারেনি। তাইতো আজও আমাদের সমাজে একইভাবে দেখতে পাই অত্যাচার, নিপীড়ন আর বৈষম্য। শুধু তাই নয়, নাটকটি নীল দর্পণের প্রেরণায় তৈরি হলেও এতে একই সঙ্গে ব্রিটিশ আমল ও বর্তমান সময়ের দুটি গল্প সমান্তরালভাবে দেখানো হবে। যার ফলে নতুন প্রজন্ম সহজেই নাটকের মাধ্যমে যে বার্তা দিতে চেয়েছি সেটির সঙ্গে যোগাযোগ করতে পারবে বলে আমার বিশ্বাস। আমি চাই তরুণ প্রজন্মই নাটকটি বেশি করে দেখুক।’ কমলা কালেকটিভ ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে ‘নীল ছায়া’ উপস্থাপন করছে। মহিলা সমিতিতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, আগামীকাল ৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ও রাত ৮টায় এবং ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটকটির মোট চারটি শো মঞ্চায়িত হবে। এই নাটকের বাইরে নায়লা আজাদ নূপুর ব্র্যাকের আয়োজনে নির্দেশনা দিয়েছেন ‘রাইজ ওম্যান রাইজ’ নামের একটি নাটক। যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্কে এই নাটকটির দুটি শো হবে এ মাসেই। নূপুর বলেন, ‘এই নাটকটি বেশ নারীক্ষাধর্র্মী। এখানে নাচ, কবিতা আর মিউজিকের সমন্বয়ে একটি গল্প বলার চেষ্টা করেছি। আপাতত বিদেশেই নাটকটির শো হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com