সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
দুই বাংলার প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান মাঝে চুপচাপ থাকলেও আবার লাইমলাইটে। পর পর দুটি ছবির কারণে তিনি এখন আলোচনায়। আসছে ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে এই তারকার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’। ফলে এই ছবির কোনো না কোনো খবর প্রতিদিন উঠে আসছে গণমাধ্যমে। একইসঙ্গে ঘোষণা এসেছে জয়ার নতুন সিনেমার নাম। করোনাকালে সবাই যখন ঘরবন্দি, এই তারকা তখন খুবই সীমিত পরিসরে একটি সিনেমার কাজ করেন। ছবির নাম এতদিন জানা যায়নি। পিপলু আর খান পরিচালিত এই সিনেমার নাম জানা গেল সম্প্রতি। ‘জয়া ও শারমিন’ নামের এই ছবিতে জয়াকে দেখা যাবে জয়া নামের একটি চরিত্রেই। আর শারমিন চরিত্রটি করেছেন সফল মঞ্চনাটক ‘বিস্ময়কর সবকিছু’র একক অভিনেত্রী মোহসীনা আক্তার।
এদিকে গতকালই প্রকাশিত হয়েছে ‘বিউটি সার্কাস’-এর ট্রেইলার। হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার! হ্যাঁ ভাই, বানিয়া শান্তার মাঠে ঐতিহ্যবাহী মেলা। মিস বিউটির ভেল্কি ‘দ্য বিউটি সার্কাস!’ প্রয়াত অভিনেতা হুমায়ূন সাধুর কণ্ঠ এমন আমন্ত্রণই শোনা গেল বিউটি সার্কাসের ট্রেইলারে। যে আমন্ত্রণে চলচ্চিত্রটি দেখতে সিনেমা হলে যাবেন দর্শক, তার সবটুকুই যেন হাজির ট্রেইলারে। এছাড়া চলচ্চিত্রের ট্রেইলারে দেখা গেল সেইসব দৃশ্য-যা বাংলা চলচ্চিত্রে আগে কখনো দেখেননি দর্শক। দেশের আবহমান সার্কাসশিল্প নিয়ে মাহমুদ দিদার নির্মিত ‘বিউটি সার্কাস’ সিনেমার পর্দায় যেন ফিরিয়ে আনতে চলেছেন সেই আনন্দযজ্ঞ। যেখানে থাকছে চিরায়ত সার্কাসের দুর্ধর্ষ সব পারফরম্যান্স। এ চলচ্চিত্রের মধ্য দিয়ে সার্কাসকন্যা বিউটি হয়ে বড়পর্দায় উপস্থিত হতে যাচ্ছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। বিউটি সার্কাস দলের অধিপতি তিনি। সার্কাসের বিভিন্ন কঠিন সব পারফরম্যান্সে অংশ নিতে দেখা গেছে জয়া আহসানকেও। এক হাতে দড়ি ধরে উড়তে দেখা গেছে অনেক উঁচুতে, জাদুময়ী ভঙ্গিতে হাজার হাজার দর্শকের করতালিতে পায়রা উড়িয়ে উপস্থিত হতেও দেখা গেছে সার্কাসের প্রধান আকর্ষণরূপে। ‘হয়ে যাও হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ভোর’- শারমিন সুলতানা সুমির কণ্ঠে ট্রেইলারে ব্যবহৃত চলচ্চিত্রের দু লাইনের গানে দেখা গেছে ‘বিউটি’ জয়ার নির্মল এক রূপ। টেনশন জাগানিয়া মিউজিকের আড়ালে হঠাৎ শোনা যায়- মেলা ক্লোজ! মেলা বন্ধ! হঠাৎ খুন হয় কেউ! কে এই কালো হাত? খলনায়ক হয়ে ধর্মের লেবাসে ভয়ংকর রূপে দুটি চরিত্রে হাজির হয়েছেন গাজী রাকায়েত ও শতাব্দী ওয়াদুদ। পুড়ে যাওয়া সার্কাসের আগুনের লেলিহান শিখার সামনে বসে থাকতে দেখা গেল অগ্নিকন্যা বিউটিকে। যে শুধু সার্কাসের খেলায় পারদর্শী নয়, রক্তাক্ত এক ইতিহাসের সাক্ষ্য দিতে হাজির হয়েছেন এ গল্পে। তিন প্রতাপশালী তৌকির, ফেরদৌস আর এবিএম সুমনের ভিন্ন ভিন্ন লুক আর ডায়ালগে ইতিমধ্যেই মুগ্ধ নেটিজেনরা। প্রশংসায় ভাসাচ্ছেন বিউটি সার্কাসকে। প্রায় দুইশতাধিক নির্মাণসঙ্গী নিয়ে দুই হাজার গ্রামবাসীর উপস্থিতিতে নওগাঁর সাপাহার গ্রামে চিত্রায়িত হয় ‘বিউটি সার্কাস’। এর সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। গান করেছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী ও এশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান।