সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সন্তান জন্মের পর থেকে তাকে ঘিরেই প্রতিটি দিন কাটছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির। প্রতিটি দিনই তাদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা। গত শনিবার ছেলে রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। দিনটি উদ্যাপন করেছেন পরী ও তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। মাস পূর্তির কেক কাটার ছবি ফেইসবুকে আপলোড করেছেন পরীমনি। পরে এ নিয়ে পরীমনি আরও বলেন, ‘রাতে রাজ কেক ও ফুল নিয়ে বাসায় এল। আমি, রাজ ও রাজ্য মিলে কেক কাটলাম। বাবুর বয়স এক মাস পূর্ণ হওয়ার জন্য রাজ আমার হাতে ফুল তুলে দিল।’ ঢালিউডের এই নায়িকা বলেন, ‘জন্মের প্রথম দিন থেকে যত ছবি আছে রাজ্যের এবং সামনে আরও যত ছবি তুলব, সব ছবি নিয়ে একটা বড় অ্যালবাম করব। রাজ্য বড় হয়ে দেখবে, ছবিতে তার জন্ম থেকে বড় হয়ে ওঠার দিনগুলো। সে সময় হয়তো অনেক মজা পাবে সে।’ রাজ্যকে নিয়েই এখন পরীর যত ব্যস্ততা। রাজ্যের সঙ্গেই যেন পরী তার জীবনের শিডিউল মিলিয়ে নিয়েছেন। বললেন, ‘একটি টেবিলঘড়ি সামনে রেখেছি। বাবু যখন ঘুমায়, আমিও তখন ঘুমাই। বাবু যখন জাগে, আমিও জাগি। কখন ভোর ৬টা, কখন সন্ধ্যা ৬টা, কিছুই বুঝে উঠতে পারি না। ২৪ ঘণ্টাই তার সঙ্গে সময় কাটে আমার। সবার দোয়ায় খুব সুন্দর, সুস্থতার মধ্য দিয়েই আমার সন্তান বেড়ে উঠছে।’ কাজে ফেরা নিয়ে পরীমনি বলেন, ‘একসময় তো কাজ করবই। তবে কাজে ফিরতে আমার কোনো তাড়া নেই। কারণ, রাজ্য আমার জীবন। তাকে রেখে তো আমি এখনই কাজে ফিরতে পারব না। যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই ফিরব। আমার ইচ্ছা আছে, আরও ছয় মাস পর জিমে ভর্তি হব। নিজেকে ঠিকঠাক করে, উপযুক্ত হয়েই কাজে ফিরব।’